তিন বিয়ের পর প্রেমিকার সঙ্গে লিভ-ইন! অশান্তি চরমে উঠতেই ভয়ংকর সিদ্ধান্ত যুবকের। ঘটনাটি ঘটেছে পর্ণশ্রী এলাকায়।
স্থানীয় সূত্রে খবর, অনীক সাহা নামে বছর ৩২ নামে এক যুবক পর্ণশ্রীর গোপাল মিশ্র রোডে একটি ফ্ল্যাটে বান্ধবীটিকে নিয়ে ভাড়া থাকতেন। হাওড়ার লিলুয়ার বাসিন্দা অনীক খাবার সরবরাহ সংস্থার কর্মী ছিলেন। এর আগেও তিনটি বিয়ে করেছিলেন। হুগলির বাসিন্দা তাঁর বান্ধবীরও একাধিক বিয়ে রয়েছে। ওই যুবতী দুই সন্তানের মা। প্রায় আড়াই বছর ধরে তাঁরা সম্পর্কে ছিলেন। কয়েক মাস আগে অনীকের বিরুদ্ধে বান্ধবী ধর্ষণের অভিযোগ দায়ের করায় অনীক গ্রেপ্তার হওয়ার পর ওই মহিলা অভিযোগ তুলে নেন।
তখনকার মতো গোলমাল মিটে গেলেও পরে দু’জনের মধ্যে ঝামেলার জেরে যুবক গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন। সেই দৃশ্য দেখা মাত্রই তাঁর বান্ধবীই এদিন ১০০ ডায়ালে ফোন করে পুলিশকে জানান। কিছুক্ষণের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে এসে উপস্থিত হয়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ প্রথমে দেহটি উদ্ধার করে। এদিকে পুলিশ সূত্রে খবর, আত্মহত্যার প্ররোচনার অভিযোগে যুবতীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।







