পানিহাটিতে রাজ্যস্তরের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়ককে যথাযথ সম্মান দেওয়া হয়নি—এমনই অভিযোগ তুললেন খোদ বিধায়িকা রত্না দেবনাথের স্বামী শেখর দেবনাথ। অনুষ্ঠানে এসে ‘অপমানিত’ হওয়ার অভিযোগ তুলে সংবাদমাধ্যমের সামনে ক্ষোভ প্রকাশ করেন তিনি। যদিও এ নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করতে চাননি পানিহাটির বিধায়িকা রত্না দেবনাথ।
কলকাতা উত্তর শহরতলী ক্রীড়া বিভাগের উদ্যোগে পানিহাটি স্পোর্টিং খেলার মাঠে শুরু হয়েছে তিন দিনের পশ্চিমবঙ্গ রাজ্যস্তরের ফুটবল টুর্নামেন্ট। প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক শমীক ভট্টাচার্য, পানিহাটির বিধায়ক রত্না দেবনাথ-সহ বিজেপির একাধিক নেতা-কর্মী।
উদ্বোধনী অনুষ্ঠানে এসে ক্ষোভ প্রকাশ করেন বিধায়িকার স্বামী শেখর দেবনাথ। তাঁর অভিযোগ, পানিহাটির বিধায়ককে অনুষ্ঠানে গুরুত্ব দেওয়া হচ্ছে না। সংবাদমাধ্যমের সামনে তিনি বলেন, “পানিহাটির বিধায়ককে অপমানিত করা হচ্ছে। এমএলএ-কে রীতিমতো অপমান করা হচ্ছে। তাঁকে কোনও পাত্তাই দেওয়া হচ্ছে না। এখানে নিজেদের ইচ্ছামতো প্রোগ্রাম করা হচ্ছে।”
তবে স্বামীর এমন অভিযোগ নিয়ে সরাসরি কিছু বলতে চাননি বিধায়ক রত্না দেবনাথ। দলের নেতৃত্বের তরফে তাঁকে অপমান করা হয়েছে কি না, জানতে চাওয়া হলে তিনি বলেন, “না, অপমানিত হইনি। এই বিষয়ে আমি কথা বলতে চাই না।”
অন্যদিকে, এই অভিযোগ নিয়ে বিজেপির তরফেও কোনও নেতা প্রকাশ্যে মন্তব্য করতে চাননি। ফলে বিধায়িকার স্বামীর তোলা অভিযোগ ঘিরে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠলেও, বিষয়টি নিয়ে দলের পক্ষ থেকে এখনও কোনও স্পষ্ট প্রতিক্রিয়া মেলেনি।







