কালীঘাটে অমিত শাহ , তবে তিনি যে পথে হাঁটলেন, সেই পথে তার নয় বরং রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। এমনকি যখন অমিত শাহ গাড়িতে উঠছেন , তখনও তার পিছনে মমতা বন্দ্যোপাধ্যায়েরই ব্যানার দেখা যাচ্ছে । বলা চলে , কালীঘাটে স্বরাষ্ট্রমন্ত্রী জায়গা পেলেন ঠিকই, তবে তা সামান্য। তবে এবিষয়ে আবার গুরুতর অভিযোগ করেছে বিজেপি । তাদের কথায় তৃণমূল অমিত শাহের পোস্টার উধাও করে দিয়েছে ।
বৃহস্পতিবার রাতেই শহরে এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার সকালে তিনি উদ্বোধন করেন সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো। তারপর সেখান থেকে রওনা দেন কালীঘাটের উদ্দেশ্যে । সেখানে গিয়ে মায়ের মন্দিরে পূজো দেন শাহ । আর কালীঘাটেই দানা বাঁধে বিতর্ক ।
বিজেপির দাবী , অমিত শাহের আগমনের জন্য , যে স্বাগতম ব্যানার লাগানো হয়েছিল , তা ভোরবেলা দেখা যায় উধাও ! বিজেপি নেতা তুষার কান্তি ঘোষের কথায়, “স্বরাষ্ট্রমন্ত্রীর সফরের কথা মাথায় রেখে, তাঁকে স্বাগত জানিয়ে গতকাল রাত দেড়টা পর্যন্ত আমাদের কার্যকর্তারা ব্যানার-পোস্টার লাগিয়েছিলেন। তিনি কালীঘাট মন্দিরে আসছেন, সেই জন্য স্বাগতম ব্যানার লাগিয়ে ছিলাম আমরা। কিন্তু ভোরবেলা এসে দেখি, একটাও ব্যানার নেই। সব উধাও। তার চেয়েও আশ্চর্যের বিষয় যে যে জায়গায় ওই ব্যানারগুলো লাগানো হয়েছিল, সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া ব্যানার লাগানো।”
বিজেপি নেতার আরো দাবী , “তৃণমূলের নোংরা রাজনীতি করছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মন্দিরে পুজো দিতে আসছেন, কিন্তু এরা সেখানেও রাজনীতি করছে। আর পুলিশ তো তৃণমূলের ক্য়াডারের মতোই কাজ করে। আমরা জানি, যারা দোষী তাদের কোনও শাস্তিই হবে না।” তবে, এই ব্যানারের ঘটনায় ইতিমধ্যেই লিখিত অভিযোগ দায়ের করেছেন তুষার কান্তি ঘোষ ।
যদিও এই অভিযোগ মানতে নারাজ , শাসক শিবির । তৃণমূল কাউন্সিলর কাউন্সিলর প্রবীর মুখার্জির কথায় , “আমি উন্মাদ, মাতাল নাকি পাগল? উনি তো আমাদেরও কেন্দ্রীয় মন্ত্রী। ওনাকে স্বাগত জানান আমাদের নৈতিক দায়িত্ব। বিজেপির এটা গোষ্ঠীদ্বন্দ্ব। আর সর্বোপরি আমার ভাল লাগছে যে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের উন্নয়ন অমিত শাহ দেখে গেলেন। আমরা কিন্তু কারওর বাড়ি ভাঙিনি। কাউকে উচ্ছেদ করিনি। রামমন্দির কিন্তু এই ভাবে হয়নি।”







