রাজ্যে ফের এক নৃশংস ধর্ষণের অভিযোগ উঠে এল। নির্যাতিতা এক মহিলা খেলোয়াড় রবিবার থানায় অভিযোগ জানান। এতদিন অভিযোগ না জানানো নিয়ে প্রশ্ন উঠতেই তিনি জানান, অভিযুক্তদের সঙ্গে রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তিদের যোগসূত্র থাকায় তিনি ভয় পাচ্ছিলেন। তাই এতদিন মুখ খোলেননি।
নির্যাতিতা জানান, তিনি একটি কাপড়ের দোকান খোলার পরিকল্পনা করছিলেন এবং সেই সূত্রে গোবিন্দ মাহাতো নামে এক ব্যক্তির সঙ্গে পরিচয় হয়। গোবিন্দ তাকে দোকান খোলায় সাহায্যের আশ্বাস দিয়ে একটি আশ্রমে নিয়ে যায়। আশ্রমে পৌঁছানোর পর তাকে একটি লাড্ডু দেওয়া হয়, যা খাওয়ার পরই তিনি অচৈতন্য হয়ে পড়েন। অভিযোগ, এরপর আশ্রমের প্রধান পুরোহিত, গোবিন্দ এবং আরও কয়েকজন মিলে তাঁকে ধর্ষণ করে।
সম্প্রতি এই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরপরই সাহস সঞ্চয় করে নির্যাতিতা থানায় অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে।
ঘটনার বিষয়ে অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার মহেশ কুমার জানান, “প্রথমে ওই মহিলা ডেপুটি পুলিশ কমিশনারের দপ্তরে অভিযোগ জানান। সেখান থেকে তদন্তভার আমার কাছে আসে। ইতিমধ্যেই আমরা ওই আশ্রম ঘুরে দেখেছি যেখানে ঘটনাটি ঘটেছে। একটি ভিডিও ফুটেজও আমাদের হাতে এসেছে। তদন্ত দ্রুত এগোচ্ছে।”
এই ঘটনায় অভিযুক্তদের রাজনৈতিক যোগাযোগ নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশ জানিয়েছে, প্রমাণ সংগ্রহের কাজ চলছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নারী নিরাপত্তা নিয়ে ফের একবার প্রশ্নচিহ্ন উঠে এসেছে রাজ্যে।







