ক্রিকেটের উত্তাপের পর এবার ফুটবলে ভারত-পাকিস্তান দ্বৈরথে জমে উঠল লড়াই। কলম্বোয় সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে সোমবার এক রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে ৩-২ গোলে হারাল ভারত। তিন ম্যাচে তিন জয় তুলে নিয়ে গ্রুপ বি-এর শীর্ষে জায়গা করে নিল বিবিয়ানো ফার্নান্দেজের দল। টানটান প্রতিদ্বন্দ্বিতায় দুইবার এগিয়ে গিয়েও সমতা ফিরতে দিয়েছিল ভারতীয় ছেলেরা, তবে শেষ মুহূর্তে রহান আহমেদের গোলে মিলল কাঙ্ক্ষিত জয়।
প্রথমার্ধেই ম্যাচে দাপট দেখায় ভারত। ৩১ মিনিটে অধিনায়ক ওয়াংখেম ডেনি সিংহের পাস থেকে নিখুঁত শটে গোল করেন দল্লালমুয়োন গ্যাংতে। তবে বিরতির আগেই পেনাল্টি থেকে সমতা ফেরান পাকিস্তানের আবদুল্লাহ। দ্বিতীয়ার্ধেও আক্রমণ-প্রতিআক্রমণে জমে ওঠে খেলা। ৬৩ মিনিটে শুবম পুনিয়ার দুরন্ত পাসে গোল করেন গুনলেইবা ওয়াংখেইরাকপাম। কিন্তু মাত্র সাত মিনিট পর আবারও সমতা ফেরান পাকিস্তানের হ্যামজা ইয়াসির।
যখন ম্যাচ ড্রয়ের দিকে এগোচ্ছে, তখনই জ্বলে ওঠেন রহান আহমেদ। ৭৪ মিনিটে দূরপাল্লার শটে পাকিস্তানি গোলকিপারের ভুলে তৈরি হওয়া সুযোগ কাজে লাগিয়ে জয়সূচক গোল করেন তিনি। টানা দ্বিতীয় ম্যাচে গোল করে দলের ত্রাণকর্তার ভূমিকায় ওঠেন এই তরুণ ফরোয়ার্ড।
এই জয়ে গ্রুপ পর্বে অপরাজিত থেকে ৯ পয়েন্ট সংগ্রহ করেছে ভারত। প্রথম ম্যাচে মালদ্বীপকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছিল তারা, এরপর ভুটানকে হারিয়েছে ১-০ ব্যবধানে। এবার সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ নেপাল। অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ প্রজন্মের এমন পারফরম্যান্স নিঃসন্দেহে নতুন আশার সঞ্চার করছে।







