পুজোর আনন্দে এবার কি ছাতা হয়ে উঠবে সঙ্গী? বর্ষা বিদায়ের মুখে ফের বদলাতে শুরু করেছে বাংলার আবহাওয়া। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকায় একাধিক ঘূর্ণাবর্তের প্রভাব তৈরি হয়েছে। তার জেরেই বুধবার, ৭ অক্টোবর থেকে আগামী কয়েক দিন রাজ্যের বিভিন্ন প্রান্তে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি, আবার কোথাও বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়াও বইতে পারে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণ-পূর্ব উত্তরপ্রদেশ ও সংলগ্ন এলাকায় তৈরি ঘূর্ণাবর্তটি ঝাড়খণ্ড, দক্ষিণ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। পাশাপাশি উত্তর গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। ফলে রাজ্যে ফের বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।
দক্ষিণবঙ্গে কোথায় বৃষ্টি?
আজ পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর ২৪ পরগনার কয়েকটি এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গেও ভিজবে বেশ কিছু এলাকা। কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ির বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও হতে পারে।
এদিকে কলকাতার আকাশ আজ মূলত মেঘলা থাকবে। হালকা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রির আশপাশে থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় ৫.৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
অর্থাৎ, পুজোর আগে আবহাওয়ার এই নতুন পরিবর্তনে কোথাও রোদ, কোথাও বৃষ্টি—ছাতা সঙ্গে রাখাই আপাতত নিরাপদ।







