ত্রিপুরার লিচুবাগানে সরকারি চারুকলা বিদ্যালয়ের নগ্ন সরস্বতী প্রতিমাকে ঘিরে শুরু হয়েছে নানা বিতর্ক। পুজোর কর্মকর্তা হিসেবে ছিলেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবং উপস্থিত ছিলেন বজরং দল। চারুকলা বিদ্যালয়ের সরস্বতী পুজোকে ঘিরে ছড়িয়েছে উত্তেজনা।বিদ্যালয়ের তরফে যে নিমন্ত্রণ কার্ড বানানো হয়েছে তাতে সরস্বতীর নগ্ন ছবি রয়েছে, এমনটাই দাবি করেছে বজরং দল।
মা সরস্বতীর নগ্ন প্রতিমাকেই করা হচ্ছে আরাধনা। দেবদেবী এবং হিন্দু ধর্মের অপমান বজরং দল মেনে নেবে না বলে জানান, বজরং দলের রাজ্য সংযোগকারী টুটন সাহা।
বজরং দল এবং অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ উপস্থিত থেকে এই দিন ঘটের শাড়ি দিয়ে মা সরস্বতীর নগ্ন প্রতিমাকে ঢেকে দেয়। কলেজের অধ্যক্ষ অভিজিৎ ভট্টাচার্য জানিয়েছেন, এই প্রতিমা তৈরি হয়েছে ভারতবর্ষের বিভিন্ন শিল্পকলা কে অনুসরণ করে। তবে ভবিষ্যতে এই রকম মূর্তি বানানো হবে না বলেই আশ্বাস দিয়েছেন তিনি। বজরং দলের সামনে নগ্ন প্রতিমা বিসর্জন দিয়ে ঘটের মাধ্যমেই পুজো ও অঞ্জলি সমাপ্ত হয়।







