বুধবার বহরমপুর কান্দি রাজ্যসড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হল একই পরিবারের তিনজনের। একটি স্কুটি এবং একটি ডাম্পারের সংঘর্ষে ঘটে দুর্ঘটনাটি। এই ঘটনাটি ঘটেছে বহরমপুর থানার চারাতলা এলাকায়।মৃতদের নাম হাসানুর রহমান , স্ত্রী স্নেহারুন্নেসা ও ছেলে রাহাত রহমান। স্থানীয় সূত্রে জানা যায়,হাসানুর রহমান গোপীপুর এর বাসিন্দা তিনি একটি লেদের দোকানে কাজ করতেন।
স্ত্রী ও ছেলের শারীরিক অসুস্থতার চিকিৎসার করানোর জন্য বুধবার স্কুটি নিয়ে বহরমপুর যাচ্ছিলেন। আর ঠিক সেই সময় একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে এসে সজোরে ধাক্কা মারে তাদের স্কুটিতে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ২ জনের। আর একজনকে গুরুতর আহত অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে দেয়। ঘটনার জেরেই রাজ্য সড়কে সৃষ্টি হয় যানজটের। ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে এসে পৌঁছায় কান্দি ও বহরমপুর থানার পুলিশ। পুলিশ ওই তিনটি মৃতদেহকে ময়নাতদন্তের জন্য পাঠান।
একই পরিবারের তিনজনের মৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে পরিবার জুড়ে।মৃতের ভাই ইরফান সেখ বলেন, “চিকিত্সার জন্য ওরা বহরমপুরে এসেছিল। চিকিত্সককে দেখিয়ে বাড়ি ফিরে আসার কথা ছিল। কিন্তু এইভাবে তিনজনের মৃতদেহ বাড়ি নিয়ে ফিরতে হবে কল্পনাও করিনি।”







