সন্দেশখালিতে আরএসএস-এর ‘বাসা’ আছে, বিধানসভা থেকে এই কথাই জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরব হয়েছেন তৃণমূল নেতা শাহজাহান শেখকে নিয়েও। তাঁর কথায়, সন্দেশখালিতে এত গোলমালের নেপথ্যে রয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তারাই শাহজাহানকে ‘টার্গেট’ করে সন্দেশখালিতে ঢুকেছে এবং গোলমালের সৃষ্টি করেছে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের উবাচ, ‘যারা অনেকদিন ধরে নানা কথা বলে যাচ্ছে মিডিয়ার প্রশ্রয়ে, তাদের বলি, আসল না জেনে আপনারা বলছেন। আমি ইতিমধ্যেই স্টেট কমিশন, প্রশাসন পাঠিয়েছি, যারা মাস্ক পরেছে, বিজেপির কর্মী, ধরাও পড়েছে। তারা বিজেপির কর্মী। একটা এলাকাকে অশান্ত করা হচ্ছে। শেখ শাহাজাহানকে টার্গেট করে ওখানে ঢুকল ইডি। তারপর ওখানে আদিবাসীদের ভাইবোনদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল। কারও কোনও ক্ষোভ বিক্ষোভ থাকতেই পারে। তাহলে আমাদের মহিলা টিম আছে সেখানে। তারা যা রিপোর্ট দেবে তা দেখে ব্যবস্থা নেওয়া হবে। আগে তো জানতে হবে ব্যাপারটা কী। ওখানে আরএসএস এর বাসা আছে। ওখানে ৭-৮ বছর আগেও ঝামেলা হয়েছে। কতগুলো দাঙ্গা স্পটের মধ্যে ওটা একটা স্পট। সরস্বতী পুজোয় আমরা স্ট্রগলি হ্যান্ডেল করেছি।’
বিশেষভাবে উল্লেখ্য, সোমবার রাজ্যপাল ছাড়াও সন্দেশখালিতে উপস্থিত ছিলেন মহিলা কমিশনের প্রতিনিধিরা। অন্যদিকে, দলের প্রাক্তন বিধায়কের গ্রেফতারির প্রতিবাদে সোমবার সন্দেশখালির দু’টি ব্লকে ১২ ঘণ্টা বন্ধেরও ডাক দিয়েছে সিপিএম।






