বৃহস্পতিবার আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও অফিসে তল্লাশি অভিযান চালায় ইডি। প্রতীক জৈনের বাড়ি থেকে সবুজ ফাইল নিয়ে বাইরে বেরিয়ে, গর্জে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন , “এই অভিযান দুর্ভাগ্যজনক। আমার আইটি দপ্তরে অভিযান চালিয়েছে। দলের সব গোপন নথি এবং প্রার্থী তালিকা চুরি করতে ইডিকে দিয়ে হামলা করেছেন ন্যাস্টি হোম মিনিস্টার। নটি হোম মিনিস্টার।” সুপ্রিমো জানায় , “এগুলি আমার দলের। আমি নিয়ে যাচ্ছি।”এবার এই ঘটনায় শুক্রবার রাস্তায় নামতে চলেছেন তৃণমূল সুপ্রিমো। যাবদপুর এইট বি থেকে হাজরা মোড় পর্যন্ত প্রতিবাদ সভার ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী।
কয়লা পাচার মামলায় বৃহস্পতিবার সকালে আইপ্যাকের কর্তা প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালায় ইডির অফিসাররা। ইডির অফিসারদের তল্লাশি চলাকালীন প্রতীক জৈনের বাড়িতে প্রবেশ করেন সিপি মনোজ ভার্মা ও তার কিছুক্ষণের মধ্যে প্রবেশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । কিছুক্ষণের মধ্যে সবুজ ফাইল হাতে নিয়ে প্রতীক জৈনের বাড়ি থেকে বেরিয়ে আসেন তৃণমূল নেত্রী। বাড়ি থেকে বেরিয়ে এসে কেন্দ্রীয় সংস্থা ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে একাধিক তোপ দাগলেন তিনি। দলের গোপন তথ্য, আগামী নির্বাচনের প্রার্থী তালিকা চুরির অভিযোগ আনেন ইডির বিরুদ্ধে।
এরপর মুখ্যমন্ত্রী রওনা দেন আইপ্যাকের সল্টলেকের দফতরের উদ্দেশ্যে। তার সঙ্গে ছিলেন বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ । দফতরে পৌঁছে আবাসনের ১১ তলায় প্রবেশ করেন। সেখান থেকে বেরিয়ে আনা হয় একগুচ্ছ ফাইল । রাখা হয় মুখ্যমন্ত্রীর গাড়িতে। পৌনে ৪ ঘণ্টা পর সেখান থেকে বেরিয়ে আসেন মুখ্যমন্ত্রী। বাইরে বেরিয়ে এসে তিনি বলেন , “বাংলার উপর যে হামলা ওরা করেছে জনতা এর জবাব দেবে। ওদের ফেস সেভিং করার জন্য এগুলো করছে। সত্য অনুসন্ধান করার জন্য যা করার তা নিশ্চয়ই করবে।” এবার এই ঘটনায় রাস্তায় নামতে চলেছেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।







