তদন্তকারী সংস্থাগুলির নজর যেন কিছুতেই সরছে না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর থেকে। টানা তিন দিন ধরে ভিন্ন ভিন্ন মামলায় জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে। নির্বাচনী প্রচারের সময় বিজেপিকে উদ্দেশ্য করে করা ‘ডিজে বাজানো’ মন্তব্যকে কেন্দ্র করে মঙ্গলবার আবারও সিআইডির ডাকে সাড়া দিয়ে হাজিরা দিলেন তিনি।
মঙ্গলবার বেলা ১১টা ৪৫ মিনিট নাগাদ কালীঘাটের বাসভবন থেকে আইনজীবীকে সঙ্গে নিয়ে রওনা দেন অভিষেক। নির্ধারিত সময়ের মাত্র দুই মিনিট আগে তিনি ভবানীভবনে পৌঁছে সিআইডি দপ্তরে প্রবেশ করেন। তাঁর জিজ্ঞাসাবাদকে ঘিরে এদিন ভবানীভবন চত্বরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল এবং মোতায়েন করা হয়েছিল বিপুল সংখ্যক পুলিশকর্মী।
তদন্তকারী সূত্রে জানা গিয়েছে, মামলার পরবর্তী গতিপথ নির্ধারণে অভিষেকের জন্য বিস্তারিত প্রশ্নমালা প্রস্তুত করা হয়েছে। একাধিক আধিকারিক তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারেন এবং তাঁর বক্তব্যও নথিভুক্ত করা হতে পারে। এর আগে বিধানসভায় স্বাক্ষর জালিয়াতি সংক্রান্ত মামলায় সিআইডির সামনে হাজিরা দিয়েছিলেন তিনি। সোমবার আবার নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে জেরা করেন ইডি আধিকারিকরা।
২০২৬ সালের নির্বাচনী প্রচারের সময় বিজেপিকে লক্ষ্য করে অভিষেকের একাধিক বিতর্কিত মন্তব্য সামনে এসেছিল। তার মধ্যে সবচেয়ে আলোচিত ছিল ‘ডিজে বাজানো’ প্রসঙ্গ। তাঁর বক্তব্য ছিল, ৪ মে-র পর তৃণমূল পুনরায় ক্ষমতায় এলে বিজেপি নেতাদের বাড়ির সামনে ডিজে বাজানো হবে। বিরোধীদের মতে, মন্তব্যটি কেবল রাজনৈতিক কটাক্ষ নয়, বরং এক ধরনের হুঁশিয়ারির ইঙ্গিত বহন করে। এই অভিযোগের ভিত্তিতেই প্রথমে বিধাননগর সাইবার থানায় অভিযোগ দায়ের করা হয়। পরে তদন্তভার সিআইডির হাতে তুলে দেওয়া হয়। গত শুক্রবার তদন্তকারীরা তাঁর বাড়িতে গিয়ে সমন পৌঁছে দেন, যার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার তিনি ভবানীভবনে হাজির হন।
অন্যদিকে, অভিষেকের আগেই এদিন ভবানীভবনে পৌঁছন মামলাকারী রাজীব সরকার। তিনি স্বেচ্ছায় তদন্তকারীদের সামনে উপস্থিত হয়ে নিজের বক্তব্য তুলে ধরেন। পাশাপাশি জানান, বিষয়টি নিয়ে তিনি ভবিষ্যতে আদালতের দ্বারস্থ হওয়ার কথাও বিবেচনা করছেন।







