জেলারাজনীতি

২০২৬-এর আগে জোট অঙ্ক কষা: মুর্শিদাবাদে হুমায়ুন–ইমরান বৈঠক, রেজিনগরে ‘মেগা সমাবেশে’ ইমরানের উপস্থিতি নিশ্চিত

২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে বৃহত্তর জোট গঠনের উদ্যোগে সক্রিয় হলেন তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া বিধায়ক ও জনতা উন্নয়ন পার্টি (জেইউপি)-র প্রধান হুমায়ুন কবীর। কলকাতায় সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের সঙ্গে বৈঠকের পর শুক্রবার মুর্শিদাবাদের নিজের বাড়িতে মিমের রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কির সঙ্গে বৈঠক করেন তিনি। রাজনৈতিক সূত্রের খবর, ওই বৈঠকে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জোটের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।

জেইউপি মুখপাত্র কামাল হোসেন জানান, “আসাদউদ্দিন ওয়েইসির নির্দেশে ইমরান সোলাঙ্কি আমাদের সভায় উপস্থিত থাকবেন। পাশাপাশি আরও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে।” জানা যাচ্ছে, শনিবার মুর্শিদাবাদের রেজিনগরের মরাদিঘি এলাকায় ১২ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন মাঠে হুমায়ুন কবীরের ডাকা ‘মেগা সমাবেশে’ ইমরান সোলাঙ্কি উপস্থিত থাকবেন।

এই সমাবেশকে কেন্দ্র করেই রাজ্যের রাজনৈতিক মহলে তৎপরতা বেড়েছে। হুমায়ুন কবীরের দাবি, “এই সভায় অন্তত ১০ লক্ষ মানুষের ভিড় হবে।” তাঁর কথায়, “এই সমাবেশ থেকেই রাজ্য থেকে তৃণমূল সরকারকে উৎখাত করার যাত্রা শুরু হবে। ২০২৬ সালের নির্বাচনে আমরা কোন পথে লড়ব, তার রূপরেখা ও কর্মসূচি এখান থেকেই ঘোষণা করা হবে।”

সমাবেশের আমন্ত্রিত তালিকাও নজর কাড়ছে। হুমায়ুন কবীর জানিয়েছেন, এসডিপিআই, মিম, আজাদ সঙ্ঘ-সহ বিভিন্ন দলের রাজ্য নেতৃত্বকে আমন্ত্রণ জানানো হয়েছে। পাশাপাশি অ-বিজেপি ও অ-তৃণমূল রাজনৈতিক শক্তিকে এক মঞ্চে আসার আহ্বানও জানিয়েছেন তিনি।

এরই মধ্যে সিপিএম ও আইএসএফ-এর সঙ্গে জোট গঠনের ইচ্ছার কথা প্রকাশ্যে জানিয়েছেন হুমায়ুন কবীর। সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের সঙ্গে তাঁর বৈঠক হলেও, জোট নিয়ে এখনই চূড়ান্ত কোনও মন্তব্য করতে নারাজ সিপিএম নেতৃত্ব। সেলিম জানান, তিনি হুমায়ুন কবীরের রাজনৈতিক অবস্থান ও মনোভাব বুঝতেই ওই বৈঠক করেছেন। আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকির দলের সঙ্গে আলোচনা প্রসঙ্গে হুমায়ুন দায়িত্ব সিপিএমের উপরেই ছেড়েছেন।

এই বৈঠক ঘিরে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি নেতৃত্বও। শুক্রবার বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, “গান্ধীজি নন, স্বামী বিবেকানন্দ নন, এ বার শ্যামাপ্রসাদ মুখার্জির পুজো করতে হবে বামেদের অস্তিত্ব বজায় রাখতে। হুমায়ুন কবীরের সঙ্গে মিটিং করার পর বোঝা যাচ্ছে সিপিএমের সময় কতটা খারাপ চলছে।”

সব মিলিয়ে ২০২৬-এর আগে রাজ্যের রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে হুমায়ুন কবীরের ধারাবাহিক বৈঠক ও আসন্ন মেগা সমাবেশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.