বুধবার থেকেই তাপমাত্রা বাড়বে বঙ্গে। সেই মতো বুধের ভোরে এক ধাক্কায় ৩ ডিগ্রি চড়ল পারদ। আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও ৩ থেকে ৪ ডিগ্রি বেড়ে যেতে পারে বলে জানিয়েছে আলিপুর। এমনকি, সরস্বতীপুজোর সময় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের বেশ খানিকটা উপরে থাকতে পারে, এমনটাই জানাচ্ছেন আবহবিদেরা।
বুধ ও বৃহস্পতিবার ঘন কুয়াশার সতর্কতা জারি হয়েছে দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার ঘন কুয়াশার দাপট চলবে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে। এই জেলাগুলিতে ঘন কুয়াশার হলুদ সতর্কতা জারি হয়েছে। কুয়াশার কারণে কোথাও কোথাও দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে যেতে পারে। বাকি জেলাগুলিতেও সকালের দিকে হালকা-মাঝারি কুয়াশা থাকতে পারে। তবে দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উত্তরবঙ্গেও সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। বৃহস্পতিবার ঘন কুয়াশার হলুদ সতর্কতা জারি হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে। শুক্রবার সকালে ঘন কুয়াশায় ঢাকবে দক্ষিণ দিনাজপুরও। বুধবার উত্তরের পার্বত্য এলাকায় হালকা তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে। সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পঙে।
আজকে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস এছাড়াও বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৬২ শতাংশ।







