আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় কেটে গিয়েছে ৫৩ দিন। গত শুনানিতে সিবিআই-এর তদন্তে হতবাক হয় শীর্ষ আদালত। আদালত জানিয়েছিল, তদন্তের অগ্রগতির রিপোর্ট বলছে তদন্ত খুবই গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ জানায়, সিবিআই-এর রিপোর্ট দেখে তাঁরা বিচলিত। তদন্তের গতিপ্রকৃতি স্পষ্ট করতে সিবিআইকে আরও সময় দেওয়া হয়।
উক্ত মামলার শুনানিতে বারংবার তুলে ধরা হয়েছে নিরাপত্তাহীনতার বিষয়। তুলে ধরা হয় জুনিয়র ডাক্তারদের তরফ থেকে। এহেন আবহে নির্যাতিতার মা-বাবা থেকে আন্দোলনকারী চিকিৎসক, সাধারণ মানুষ, সবার নজর আজকের সুপ্রিম-শুনানিতে।
উল্লেখ্য, এযাবৎ চার বার হয় সেই মামলার শুনানি। প্রতি বারই তালিকার প্রথমে স্থান পায় মামলাটি। সোমবার তার ব্যতিক্রম ঘটল। সকালের পরিবর্তে দুপুরে আরজিকরকাণ্ডের মামলা শুনবে সুপ্রিম কোর্ট। নজর এখন সেদিকেই।






