উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন এক পরীক্ষার্থী অসুস্থ বোধ করছিল। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সুতির মুরালিপুকুরে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে,ওই ছাত্রের নাম প্রীতম দাস। ছোট থেকে সে পড়াশোনায় মেধাবী ছিল। শারীরিক কিছু অক্ষমতা থাকলেও মনের জোরে সমস্ত বাধাই অতিক্রম করার চেষ্টা করেছে সে।অরঙ্গাবাদ হাইস্কুলে পড়েছিল তার উচ্চমাধ্যমিক পরীক্ষার সিট।
মঙ্গলবার ইতিহাস পরীক্ষা দিতে দিতে হঠাৎ অসুস্থতা বোধ করে প্রীতম। এরপরই তাকে তড়িঘড়ি করে স্থানীয় মহিশাইল ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাকে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার সহ এলাকাবাসীর মধ্যে।তার স্বজনরা বলেন, “পরীক্ষা ভাল দেওয়ার ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী ছিল সে। এদিনও হাসিমুখেই গিয়েছিল পরীক্ষা দিতে। তারপর কী থেকে কী হয়ে গেল আর বুঝতে পারছি না।”
পরীক্ষার হলেই পরীক্ষার্থীর মৃত্যুর সংবাদ শুনে ঘটনাস্থলে আসেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের জয়েন্ট কনভেনার আশরাফ রাজবী। এছাড়াও ঘটনাস্থলে উপস্থিত হয় সুতি থানার পুলিশ। পুলিশ জানিয়েছেন, তাঁরা সমস্ত ঘটনাটি খতিয়ে দেখছেন।







