‘বিগ বস’-খ্যাত ইউটিউবার অনুরাগ ডোভালকে ঘিরে ফের বিতর্ক। এবার স্ত্রীর তুতো ভাইকে মারধর এবং খুনের চেষ্টার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে অনুরাগ-সহ মোট চারজনকে গ্রেফতার করেছে দেরাদুনের নেহেরু কলোনি থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৫ অক্টোবর সন্ধ্যায় হরিদ্বার বাইপাসের একটি ক্যাফেতে অনুরাগ ডোভাল ও তাঁর কয়েকজন সঙ্গীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তাঁর স্ত্রী ঋতিকার তুতো ভাই রাজ সিংহ চৌহান। সেখানে কোনও একটি বিষয় নিয়ে তাঁদের মধ্যে প্রথমে বচসা এবং পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বলে অভিযোগ।
রাজের অভিযোগ, এরপরই অনুরাগ ও তাঁর সঙ্গীরা তাঁর উপর হামলা করেন। তাঁকে মাটিতে ফেলে লাঠি ও লোহার অস্ত্র দিয়ে মারধর করা হয় বলেও অভিযোগ। এমনকি তাঁকে শ্বাসরোধ করে খুনের চেষ্টা এবং মোবাইল ফোনের পাসওয়ার্ড জানার জন্য চাপ দেওয়ার অভিযোগও করেছেন তিনি।
কোনওরকমে সেখান থেকে বেরিয়ে আসার পর রাজ পুলিশের দ্বারস্থ হন। একটি সংবাদমাধ্যমের কাছেও ঘটনার কথা জানান তিনি। তাঁর অভিযোগ, হামলায় শরীরের বিভিন্ন জায়গায় আঘাত লেগেছে। হাতে কামড়ের দাগ এবং মুখেও আঘাতের চিহ্ন রয়েছে বলে দাবি করেছেন রাজ।
অভিযোগ অস্বীকার অনুরাগের
অন্যদিকে, তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগই ভিত্তিহীন বলে দাবি করেছেন অনুরাগ ডোভাল। নিজেকে নির্দোষ বলে জানিয়েছেন তিনি। তবে অভিযোগের গুরুত্ব খতিয়ে দেখে মামলা রুজু করে পুলিশ তদন্ত শুরু করেছে।
জানা গিয়েছে, নেহেরু কলোনি থানায় অনুরাগ ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে হামলা, রাস্তা অবরোধ এবং খুনের চেষ্টার মতো অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। সেই মামলার ভিত্তিতেই চারজনকে গ্রেফতার করা হয়েছে।
আগেও নানা বিতর্কে নাম জড়িয়েছে
অনুরাগ ডোভাল এর আগেও একাধিক কারণে খবরের শিরোনামে এসেছেন। কয়েক মাস আগে বাবা-মায়ের বিরুদ্ধে তাঁকে মারধরের অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন তিনি। তাঁর দাবি ছিল, বাবা-মায়ের সঙ্গে সমস্যার কারণেই তাঁর স্ত্রী তাঁকে ছেড়ে চলে গিয়েছেন।
এছাড়াও লাইভ ভিডিও করতে করতে গাড়ি চালানোর সময় দুর্ঘটনায় পড়ার ঘটনাতেও বিতর্কে জড়িয়েছিলেন এই ইউটিউবার।
এবার স্ত্রীর পরিবারের সদস্যকে ঘিরে ওঠা অভিযোগে গ্রেফতার হলেন তিনি। ঠিক কী ঘটেছিল ক্যাফেতে, হামলার অভিযোগের পিছনে প্রকৃত কারণ কী এবং ঘটনায় আরও কেউ জড়িত কি না—সব দিক খতিয়ে দেখছে পুলিশ।







