খেলাধুলা

ধোনির ‘হুক্কা’ মন্তব্য ঘিরে নতুন জল্পনা, অন্যদিকে তাঁকেই টপকে গেলেন পন্থ

আবারও আলোচনার কেন্দ্রে মহেন্দ্র সিং ধোনি। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক তথা উইকেটকিপারের একটি ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। আর সেই ভিডিওকে ঘিরেই নতুন করে চর্চা শুরু হয়েছে ধোনির হুক্কা-প্রীতি নিয়ে।

ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, বন্ধুদের সঙ্গে একটি ঘরে পার্টিতে মেতে উঠেছেন ধোনি। সেখানে উপস্থিত ছিলেন ঋষভ পন্থও। গান-বাজনা থেকে শুরু করে খাবার ও পানীয়—পার্টিতে ছিল নানা আয়োজন। গোটা অনুষ্ঠানেই বেশ ফুরফুরে মেজাজে দেখা যায় ধোনিকে। একসময় পন্থের কাছে গিয়ে তাঁকে কিছু একটা বলতে দেখা যায় প্রাক্তন ভারতীয় অধিনায়ককে। এরপরই শোনা যায়, “ম্যায় হুক্কা পিকে আতা হুঁ।” ধোনির গলার স্বরের সঙ্গে কথাটি মিলে যাওয়ায় অনেকেই দাবি করতে শুরু করেন, ওই মন্তব্যটি সম্ভবত ধোনিরই।

ধোনির হুক্কা-প্রীতি অবশ্য নতুন কোনও বিষয় নয়। প্রাক্তন অস্ট্রেলীয় অধিনায়ক জর্জ বেইলি একবার জানিয়েছিলেন, মাঝেমধ্যেই হুক্কা খেতে পছন্দ করতেন ধোনি। সেই কারণে নিজের ঘরেও নাকি হুক্কা রাখতেন তিনি। এমনকি তাঁর ঘরের দরজা সতীর্থদের জন্য সবসময় খোলা থাকত। দলের একাধিক তরুণ ক্রিকেটারও সেই কারণে ধোনির ঘরে যাতায়াত করতেন বলে জানিয়েছিলেন বেইলি।

অন্যদিকে, সদ্য শেষ হওয়া শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে জিতেছে ভারত। দ্বিতীয় টেস্টে সোনাল দিনুশার দুর্দান্ত শতরানের সৌজন্যে ম্যাচ ড্র করতে সক্ষম হয় শ্রীলঙ্কা। তবে সেই ম্যাচেই বড় একটি রেকর্ড গড়েছেন ঋষভ পন্থ। বিদেশের মাটিতে কিংবা নিরপেক্ষ ভেন্যুতে টেস্টে ভারতের হয়ে উইকেটকিপার হিসেবে সর্বাধিক রানের মালিক হয়েছেন তিনি। এই তালিকায় পিছনে ফেলেছেন ধোনিকে।

এই মুহূর্তে বিদেশের মাটিতে বা নিরপেক্ষ ভেন্যুতে টেস্টে উইকেটকিপার হিসেবে পন্থের সংগ্রহ ২৫৩৪ রান। ধোনির রয়েছে ২৪৯৬ রান। শুধু উইকেটকিপার হিসেবে রানের রেকর্ডেই নয়, ছক্কার ক্ষেত্রেও নিজের জায়গা আরও শক্ত করেছেন পন্থ। টেস্ট ক্রিকেটে সর্বাধিক ছক্কা হাঁকানো ব্যাটারদের তালিকায় অ্যাডাম গিলক্রিস্টকে টপকে বর্তমানে তৃতীয় স্থানে উঠে এসেছেন ভারতীয় এই উইকেটকিপার-ব্যাটার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.