আইপিএল অভিযানের শুরুতেই সানরাইজার্স হায়দরাবাদকে (SRH) উড়িয়ে দিলেন গোলাপি জার্সিধারীরা। জস বাটলার থেকে শুরু করে ট্রেন্ট বোল্ট- রাজস্থান রয়্যালসের জার্সিতে সকলেই ব্যাটে-বলে জ্বলে উঠলেন। ৭২ রানের বিশাল ব্যবধানে জয় দিয়ে দৌড় শুরু করল গতবারের ফাইনালিস্ট রাজস্তান রয়্যালস (RR)।
এদিন টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন হায়দরাবাদের অধিনায়ক ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar)। তবে প্রথম থেকেই রাজস্থানের দুই ওপেনার জস বাটলার ও যশস্বী জসওয়াল আগ্রাসী মেজাজে ব্যাটিং শুরু করেন। পাওয়ার প্লের মধ্যেই মাত্র ২০ বলে অর্ধশতরান করেন বাটলার। অপরদিকে আক্রমণাত্মক মেজাজে পাওয়া যায় তরুণ যশস্বীকেও। পাওয়ার প্লের শেষেই এক উইকেট হারিয়ে রাজস্থান ৮৫ রান তুলে ফেলে।
কিন্তু তারপর বাটলার আউট হওয়ার পরেও একইরকম ঝোড়ো ইনিংস খেলে অধিনায়ক সঞ্জু স্যামসন (Sanju Samson)। একটা সময়ে ২৫০ রান হয়ে তুলে ফেলাও সম্ভব ছিল রাজস্থানের পক্ষে। ওপেনারদের তৈরি করা মঞ্চ মিডল অর্ডারের ব্যাটাররা একেবারেই কাজে লাগাতে পারেননি। ২০৩ রানেই থেমে যায় রাজস্থান ইনিংস। ম্যাচের শেষে দু’টি করে উইকেট পান টি নটরাজন ও ডেবিউট্যান্ট ফজলহক ফারুকি।
এরপর কঠিন টার্গেট তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় হায়দরাবাদ। ট্রেন্ট বোল্টের প্রথম ওভারেই দুই উইকেট খোয়ায় ভুবনেশ্বরের দল। ওভারের তৃতীয় ও পঞ্চম বলে আউট হন অভিষেক শর্মা ও রাহুল ত্রিপাঠী। শূন্য রানে দুই উইকেট হারানোর পরেই হায়দরাবাদ ম্যাচ থেকে হারিয়ে যায়। রবিচন্দ্রন অশ্বিন-যুজবেন্দ্র চাহালের স্পিন জুটির সামনে কার্যত আত্মসমর্পণ করেন সানরাইজার্সের ব্যাটাররা। তারা শেষ পর্যন্ত ৭২ রানে ম্যাচ হারে।







