দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু। ইতিমধ্যেই বিভিন্ন পাড়ার ক্লাবে শুরু হয়ে গিয়েছে পুজোর প্রস্তুতি। প্রতি বছরই পুজোর চাঁদা নিয়ে জোরজবরদস্তির অভিযোগ ওঠে। সাধারণ মানুষকে সেই হয়রানি থেকে রেহাই দিতে এবার আরও কড়া পদক্ষেপ করল কলকাতা পুলিশ।
শহরের কোথাও চাঁদা আদায়কে কেন্দ্র করে জুলুমবাজি হলে, কিংবা এমন কোনও পরিস্থিতি তৈরি হলে, সরাসরি পুলিশকে জানাতে চালু করা হয়েছে টোল-ফ্রি নম্বর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২৪ ঘণ্টাই সক্রিয় থাকবে এই নম্বর। পাশাপাশি অভিযোগ জানানোর জন্য চালু করা হয়েছে একটি হোয়াটসঅ্যাপ নম্বরও। চাইলে টেক্সট মেসেজের মাধ্যমেও অভিযোগ জানাতে পারবেন সাধারণ নাগরিকরা।
অন্য দিকে, দুর্গাপুজোকে কেন্দ্র করে রাজ্য সরকারের তরফেও একাধিক বড় পরিকল্পনা নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই প্রশাসনিক বৈঠকে জানিয়েছিলেন, কলকাতার আকাশে একসঙ্গে উড়বে প্রায় ৩ হাজার ড্রোন। সেই ড্রোনের আলোর মাধ্যমে ফুটিয়ে তোলা হবে দেবী দুর্গার অবয়ব। পাশাপাশি দুর্গাপুজোর আবাহনের বিভিন্ন মুহূর্তও তুলে ধরা হবে। মহালয়া থেকে অষ্টমী পর্যন্ত পুজোর দিনগুলিতে থাকছে বিশেষ মেগা শো।
তবে এবারের পুজোর আয়োজন শুধু কলকাতাতেই সীমাবদ্ধ থাকছে না। গোটা রাজ্যজুড়ে উৎসবের আবহ ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছে বিজেপি সরকার। নবান্ন সূত্রে খবর, বাংলার লোকসংস্কৃতি ও বিভিন্ন উৎসবের সঙ্গে দেবী দুর্গার বন্দনাকে মিলিয়ে বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হবে।
এরই অঙ্গ হিসেবে থাকছে বিশেষ সাংস্কৃতিক সফর, যার নাম দেওয়া হয়েছে ‘ট্রিবিউট মা টুর’। দু’দিন করে বিভিন্ন জায়গায় হবে এই সাংস্কৃতিক অনুষ্ঠান। বাঁকুড়া, বিষ্ণুপুর, নন্দীগ্রাম, শিলিগুড়ি, দুর্গাপুর এবং বহরমপুরে এই সফরের আয়োজন করা হবে।







