চলতি বছরের দোলের দিন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ঘোষণা করেছিলেন তাঁর নতুন ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’ আসছে। অবশেষে সেই ছবি নিয়ে আরও এক ধাপ এগোলেন তিনি। সদ্য প্রকাশ্যে এল ছবির ফার্স্ট লুক, আর সোমবার শুভ তিথি-নক্ষত্র মেনে হয়ে গেল ছবির শুভ মহরৎ। এসভিএফ (SVF) ও রানা সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত হতে চলেছে এই বহুচর্চিত ছবি। মহরতের দিনে উপস্থিত ছিলেন ছবির পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ও কলাকুশলীরা। ‘জয় জগন্নাথ’ ধ্বনি দিয়ে নতুন যাত্রা শুরু করলেন সৃজিত। জানা গিয়েছে, আগামী ১১ জুন থেকে শুরু হবে ছবির শুটিং। যদিও প্রত্যেক তারকা একসঙ্গে শুটিংয়ে নামছেন না। উদাহরণস্বরূপ, অভিনেত্রী ইশা সাহা শুটিংয়ে যোগ দেবেন ১৩ জুন।
ছবির বিষয়বস্তু বেশ ব্যতিক্রমী। তিনটি পৃথক সময়কাল, শ্রীচৈতন্য যুগ, ১৯৯০-এর দশক এবং বর্তমান সময়কে একসঙ্গে গেঁথে তিনটি গল্প বলবেন পরিচালক। পর্দায় দেখা মিলবে চৈতন্য মহাপ্রভু, নটী বিনোদিনী ও গিরিশ ঘোষের মতো ঐতিহাসিক চরিত্রদের। এই ধরনের জটিল সময়-সন্ধিক্ষণের গল্প চিত্রায়ন পরিচালকের কাছে নিঃসন্দেহে বড়ো চ্যালেঞ্জ। তবে সৃজিত তাঁর স্বপ্নের প্রজেক্টে কোনওরকম খামতি রাখছেন না। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে শুভশ্রীর বিনোদিনী দাসীর লুক। ‘লহ গৌরাঙ্গের নাম রে’ যে বাংলা সিনেমার ইতিহাসে এক বিশেষ সংযোজন হতে চলেছে, তা বলাই বাহুল্য। এখন দেখার, এই বহুস্তর গল্প ও ঐতিহাসিক চরিত্রগুলিকে কীভাবে পর্দায় জীবন্ত করে তুলতে পারেন সৃজিত।







