সরফরাজ খান এবার ক্ষমা চাইলেন । তিনি একটা ভুলের জন্য সুনীল গাওস্করের কাছে ক্ষমা চাইলেন । সেই সঙ্গে প্রতিজ্ঞা করলেন, ভবিষ্যতে এই ধরনের ভুল কোনো দিনও আর করবেন না ।
অভিষেক সিরিজেই সরফরাজ নজর কেড়েছেন । কিন্তু পঞ্চম টেস্টে প্রথম ইনিংসে তাঁর আউট হওয়ার ধরনে গাওস্কর খুশি হননি। তখন অর্ধশতরান করে ব্যাট করছিলেন তিনি।
চা বিরতির পরে সরফরাজ প্রথম বলেই লেট কাট মারতে গিয়ে জো রুটের হাতে ক্যাচ দিয়ে আউট হন । তিনি হতাশ হয়ে ফেরেন ।
গাওস্কর সেই সময় ধারাভাষ্য দিচ্ছিলেন । তিনি সরফরাজের আউট হওয়ার ধরনে বিরক্তি প্রকাশ করেন। গাওস্কর বলেন, ‘এটা পিছনের পায়ে খেলার বলই ছিল না। ও পিছনের পায়ে খেলতে গিয়ে আউট হল। চা বিরতির পরে প্রথম বল খেলছে। একটু সময় তো দাও। বল ভাল করে দেখো। ডন ব্র্যাডম্যান আমাকে বলেছিলেন, উনি ২০০ রানের মাথায় খেললেও মনে করতেন শূন্য রানে খেলছেন। প্রতিটা বল একই মানসিকতা নিয়ে খেলতেন। সেটা এদের শিখতে হবে।’
সরফরাজ নিজের ভুল বুঝতে পেরেছেন । তিনি গাওস্করের পরিচিত এক ব্যক্তিকে বলেন, ‘স্যার, দয়া করে গাওস্কর স্যারকে বলবেন যে আমি ভুল করেছি। এই ভুল আর কোনও দিন হবে না।’







