রাষ্ট্রায়ত্ত কারখানা দুর্গাপুর স্টিল প্লান্ট ও অ্যালয় স্টিল প্লান্ট-এ দুর্ঘটনা লেগেই আছে। গত দু’সপ্তাহে দু’টি কারখানায় মোট তিনটি দুর্ঘটনা ঘটেছে।
অভিযোগ, কর্তৃপক্ষকে সুরক্ষার অভাবের কথা বার বার বলা হলেও, কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। যদিও কর্তৃপক্ষ গাফিলতির অভিযোগ অস্বীকার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।
২৯ ফেব্রুয়ারি সকালে স্টিল মেল্টিং শপের বেসিক অক্সিজেন ফার্নেস বিভাগে দুর্ঘটনা ঘটে। কনভার্টার-২ থেকে আচমকা বিপুল পরিমাণে জল ‘লিক’ হতে শুরু করে। জল গলিত ধাতুর সংস্পর্শে আসা মাত্র বিস্ফোরণ হয়। তাতে জখম হন সিনিয়র ম্যানেজার, সিনিয়র টেকনিশিয়ান, ট্রেড অ্যাপ্রেন্টিস-সহ পাঁচ জন। ৬ ও ১১ মার্চ যথাক্রমে ট্রেড অ্যাপ্রেন্টিস সর্বশিত্ ধাঙর এবং বিনয়কুমার হরিজনের মৃত্যু হয়।
ডিএসপি-র মুখ্য জনসংযোগ আধিকারিক বেদবন্ধু রায়ের দাবি, ‘নিরাপত্তার প্রশ্নে কোনও রকম আপস করা হয় না। সতর্ক রয়েছে সংশ্লিষ্ট বিভাগগুলি।‘ তিনি জানান, তদন্ত কমিটি শুধু কী ভাবে দুর্ঘটনা ঘটেছে, তা খুঁজে বার করে না। ফের যাতে এমন দুর্ঘটনা না ঘটে, সে জন্য কী পদক্ষেপ করা উচিত, তা-ও জানিয়ে থাকে।







