বিদেশের মাটিতে, বিদেশি পোশাকেই আসর মাতিয়ে দিলেন আলিয়া ভাট। তাঁর পেলব গোলাপী রঙের করসেট গাউন যেন উষ্ণতার আলিঙ্গন নিয়ে এল কান-এর লাল গালিচায়। লক্ষ গোলাপ পাপড়ি মেলে ধরেছে তাঁর পোশাক, আর তার সঙ্গে মানানসই রূপটান। এলিয়ে পড়া চুলে কলকা খোঁপা আর হালকা গয়না। এই সাধারণ সাজেই বাজিমাত করলেন বলিউড রনবীর ঘরণী। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে এই ভট্টকন্যা ডুব দিলেন কানের লাল গালিচায়।
আলিয়া এদিন নিজেকে সাজিয়েছিলেন পোশাক পরিকল্পক ড্যানিয়েল রোজবেরির তৈরি স্ট্র্যাপলেস গাউনে। পাতলা, নরম কাপড়ের উপরে সিকুইনের সূক্ষ্ম কাজ এই পোশাককে করে তুলেছে মহার্ঘ্য। আলিয়া নিজেও হালকা প্যাস্টেল রঙের পোশাকে নিজেকে সাজাতে ভালোবাসেন, তেমনই রঙের ছোঁয়া এই পোশাকজুড়ে। পোশাকের নিচের অংশ ফুলের পাপড়ির মতোই অজস্র খাঁজ বিশিষ্ট, যা তাঁর চলার ছন্দে তৈরি করছিল এক মায়াবী ঢেউ।
নরম গোলাপী রঙের গাউনে সেজে এদিন বলিউড অভিনেত্রী তাঁর যাত্রা শুরু করেন হোটেল মার্টিনেজ থেকে। কানের মাটিতে প্রথমবার পা রেখেই তিনি কুড়িয়ে নিলেন প্রশংসা। তাঁর সাজ, তাঁর ব্যক্তিত্ব, আন্তরিকতা এবং রূপের জৌলুসে মুগ্ধ ফ্রান্স। আলিয়া যেন এক নতুন গল্প লিখলেন কানের ইতিহাসে, যেখানে ঐতিহ্য আর আধুনিকতার এক মেলবন্ধন দেখা গেল তাঁর স্টাইলে।







