অস্ট্রেলিয়ার মাটিতে প্রত্যাবর্তনটা স্মরণীয় করতে পারলেন না রোহিত শর্মা ও বিরাট কোহলি। পার্থের বাউন্সি উইকেটে ভারতের দুই অভিজ্ঞ তারকার ব্যাট একেবারেই নীরব। দু’জন মিলে খেললেন ২২ বল, করলেন মাত্র ৮ রান। রোহিত করলেন ১৪ বলে ৮, আর কোহলি ফিরলেন ৮ বল খেলে শূন্য রানে।
এই ইনিংসেই যেন ফুটে উঠল তাঁদের বর্তমান ছন্দের অভাব, আত্মবিশ্বাসের ঘাটতি ও টেকনিক্যাল সমস্যাগুলি। শুরু থেকেই দেখা যাচ্ছিল, দু’জনেরই ব্যাটে বল আসছিল না স্বচ্ছন্দে। রোহিতকে মনে হচ্ছিল চাপে রয়েছেন, শট নেওয়ার সময় দ্বিধাগ্রস্ত। কোহলি আবার পুরনো সমস্যাতেই ধরা দিলেন—অফ স্টাম্পের বাইরের বলে অযথা ব্যাট ছোঁয়ানোর প্রবণতা।
ধারাভাষ্য কক্ষে রবি শাস্ত্রী বললেন, “বলের বাউন্স সামলাতে পারেনি রোহিত। পিচে পড়ে বল একটু বেশি লাফাল, সেটাই ওকে সমস্যায় ফেলেছে।” তবে সমালোচকদের মতে, এটা কোনও অজুহাত হতে পারে না—অস্ট্রেলিয়ার পিচের চরিত্র রোহিতের অজানা নয়। তা হলে কেন মানিয়ে নিতে পারলেন না? বয়সের প্রভাব? নাকি আত্মবিশ্বাসের ঘাটতি?
অন্যদিকে, কোহলির ইনিংসটা আরও হতাশাজনক। অফ স্টাম্পের বাইরে বলে বারবার চেষ্টা করছিলেন শট নেওয়ার, যা তাঁর পুরনো দুর্বলতা। অস্ট্রেলীয় বোলাররা পরিকল্পনা করেই তাঁকে আক্রমণ করে। শেষমেশ মিচেল স্টার্কের বলটি পয়েন্ট অঞ্চলে মারতে গিয়ে হাওয়ায় তুললেন, সহজ ক্যাচ নিলেন কুপার কোনোলি।
রোহিতের আউটটিও ছিল ধৈর্যহীনতার ফল। জস হেজ়লউডের বল পিচে পড়ে বাড়তি বাউন্স নেয়, ব্যাটের ধার ছুঁয়ে স্লিপে যায়। ম্যাট রেনশ ধরলেন সেই ক্যাচ।
এই ম্যাচে রোহিত ও কোহলির পারফরম্যান্সে ভারতীয় সমর্থকদের হতাশা আরও গভীর। কারণ, তাঁরা ছিলেন দলের অভিজ্ঞতম ভরসা। কিন্তু পার্থের উইকেটে তাঁদের ব্যাটে সেই পুরনো ধার দেখা গেল না। সামনে যদি সিরিজে ফিরে আসতে হয়, তবে শুধু অনুশীলন নয়—মানসিক প্রস্তুতিতেও বড় বদল আনতে হবে এই দুই তারকাকে।







