গত কয়েকদিন ধরে দীর্ঘ আলোচনার পর বৃহস্পতিবার রাতে দিল্লি থেকে পশ্চিমবঙ্গের ৮টি কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করে কংগ্রেস।
আসন্ন লোকসভা নির্বাচনের ঘোষণা হয়ে গেলেও তৃণমূল ছাড়া আর কোন দল সম্পূর্ণ প্রার্থী তালিকা ঘোষণা করতে পারেনি। বিজেপি ১৯ টি ও বামেরা ১৬ টি আসনে প্রার্থী দিলেও, কংগ্রেসের কোন প্রার্থীর নাম ঘোষণা হয়নি এতদিন। অবশেষে বৃহস্পতিবার বাংলার ৮’টি আসনের প্রার্থী ঘোষণা করলো কংগ্রেস। অধীর রঞ্জন চৌধুরীকে ফের বহরমপুর কেন্দ্র থেকে প্রার্থী হিসেবে মনোনীত করেছে জাতীয় কংগ্রেস। কংগ্রেসের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে যে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে তাতে রায়গঞ্জ কেন্দ্রে প্রার্থী করা হয়েছে আলী ইমরান রামজ (ভিক্টর) কে। মালদা উত্তর কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী মনোনীত হয়েছেন মোস্তাকু আলম, জঙ্গিপুর কেন্দ্রে প্রার্থী হয়েছেন মোঃ মুর্তজা হোসেন (বকুল), বহরমপুর কেন্দ্রে ফের প্রার্থী করা হয়েছে রাজ্যের প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে। উত্তর কলকাতায় কংগ্রেসের প্রার্থী হয়েছেন বর্ষিয়ান কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য। পুরুলিয়া কেন্দ্রে প্রার্থী করা হয়েছে নেপাল মাহাতোকে এবং বীরভূম কেন্দ্রে প্রার্থী করা হয়েছে মিলটন রশিদকে। কংগ্রেসের পক্ষ থেকে এদিন গোটা দেশে বিভিন্ন রাজ্যের যে ৫৭ জনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয় তার মধ্যে বহরমপুর কেন্দ্র সহ ৮টি কেন্দ্রের প্রার্থী নাম চূড়ান্তভাবে জানিয়ে দেওয়া হয়।







