নদিয়ার হবিবপুরে ঘটল মর্মান্তিক এক ঘটনা। পারিবারিক অশান্তির জেরে এক ব্যক্তি আত্মঘাতী হলেন চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে। মৃত ব্যক্তির নাম গৌরাঙ্গ সরকার (৬৫), বাড়ি পানপাড়া এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দুপুরে ২:৪০ নাগাদ শান্তিপুরগামী লোকাল ট্রেন যখন হবিবপুর স্টেশনের কাছে পৌঁছয়, তখন আচমকাই ট্রেনের সামনে ঝাঁপ দেন গৌরাঙ্গবাবু। ট্রেন চালক তৎক্ষণাৎ ব্রেক কষলেও মারণ পরিণতি আটকানো সম্ভব হয়নি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
স্থানীয়রা জানিয়েছেন, বিগত কয়েক মাস ধরেই গৌরাঙ্গ সরকারের পরিবারে নানা অশান্তি চলছিল। মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। বারবার চেষ্টা করেছিলেন মিটমাটের, কিন্তু পরিস্থিতির উন্নতি না হওয়ায় চরম সিদ্ধান্ত নিয়ে ফেলেন বৃদ্ধ।
দৃশ্যটি এতটাই হৃদয়বিদারক ছিল যে লাইনের পাশে দাঁড়িয়ে থাকা অনেকেই কেঁদে ফেলেন। মুহূর্তেই খবর ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। রেল লাইন সংলগ্ন অঞ্চলে ভিড় জমে যায়।
খবর পেয়ে জিআরপি ঘটনাস্থলে পৌঁছায় এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
এই ঘটনা আবারও মনে করিয়ে দিল, মানসিক অবসাদ ও পারিবারিক অশান্তির মধ্যে দিয়ে কত মানুষ চুপচাপ ভেঙে পড়ছেন। জীবন কতটা মূল্যবান, অথচ অশান্তির ভারে কত সহজে তা শেষ হয়ে যায়—এই প্রশ্নই ঘুরে বেড়াচ্ছে হবিবপুরবাসীর মুখে মুখে।
মানসিক অবসাদে ভুগলে অবহেলা নয়—প্রয়োজন সহমর্মিতা ও মনোবিদের পরামর্শ।







