বৃষ্টির দাপটে ধীরে ধীরে স্বস্তি ফিরতে চলেছে দক্ষিণবঙ্গের জনজীবনে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ থেকেই রাজ্যের বেশ কিছু এলাকায় বৃষ্টির পরিমাণ বাড়বে। রবিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট আরও বাড়বে বলেই জানা যাচ্ছে। আগামী সোমবার কিছু জেলায় ভারী বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে।
আজ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রামে। শনিবার থেকে কলকাতা, হাওড়া, হুগলি সহ একাধিক জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে মঙ্গল ও বুধবার বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকবে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাস।
বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় প্রায় ৫০ কিমি গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। রবিবার থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। সোমবার দক্ষিণ ২৪ পরগনার একাংশ এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। মঙ্গলবার তা ছড়িয়ে পড়বে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে।
এদিকে, বৃষ্টির ধাক্কায় তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও টানা বৃষ্টির আভাস মিলেছে। আবহবিদদের ধারণা, চলতি মাসের ১৬ বা ১৭ তারিখ নাগাদ দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে পারে।
অন্যদিকে, উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ইতিমধ্যেই বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে। আজ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহেও উত্তরবঙ্গে বৃষ্টির প্রবণতা বজায় থাকবে বলে জানা গেছে।







