আবহাওয়া

উত্তরবঙ্গে ঝড়বৃষ্টির সতর্কতা, দক্ষিণে বাড়বে ভ্যাপসা গরম! আজ কেমন থাকবে বাংলার আবহাওয়া?

রাজ্যের আবহাওয়ায় ফের বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবার উত্তরবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস জারি করা হয়েছে। বিশেষ করে পাহাড় ও সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির আশঙ্কা থাকায় সতর্ক প্রশাসন।

হাওয়া অফিস সূত্রে খবর, আজ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে বলে জানানো হয়েছে।

শুধু বৃষ্টিই নয়, উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বজ্রপাতের আশঙ্কাও রয়েছে কয়েকটি জেলায়। আগামী কয়েকদিন উত্তরবঙ্গ জুড়েই এই দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকতে পারে বলে পূর্বাভাস।

অন্যদিকে দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম। কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতে দিনের বেলায় চড়া রোদ ও আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। মাঝেমধ্যে আকাশ আংশিক মেঘলা থাকলেও বড়সড় বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।

এদিকে গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরম আরও বাড়তে পারে বলে আশঙ্কা আবহাওয়াবিদদের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.