অবস্থা কিছুটা অস্বস্তির হলেও দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আসছে পরিবর্তনের ইঙ্গিত। আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, বাতাসে ভরপুর জলীয় বাষ্পের কারণে বর্ষা ঢোকার সম্ভাবনা প্রবল। আগামী তিন দিনের মধ্যেই দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে বর্ষা।
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তার আশপাশের এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সেই ঘূর্ণাবর্ত আবার পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের একটি ঘূর্ণাবর্তের সঙ্গে মিশে গেছে। পাশাপাশি, পূর্ব মধ্যপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত একটি অক্ষরেখা আরও দক্ষিণ-পশ্চিম দিকে সরে এসেছে। এসব মিলিয়ে তৈরি হয়েছে বর্ষা আগমনের অনুকূল পরিস্থিতি।
আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আজ থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দুই বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃহস্পতি ও শুক্রবার বীরভূম ও মুর্শিদাবাদেও ভারী বৃষ্টির পূর্বাভাস মিলেছে। অন্যান্য জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। সেই সঙ্গে বইতে পারে দমকা হাওয়া।
তবে, আজ কলকাতার আকাশ থাকবে মূলত মেঘলা। মাঝে মাঝে রোদের দেখা মিললেও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। দু’এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা আছে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন প্রায় ২৭ ডিগ্রির আশেপাশে।







