বিজেপির রাজ্য রাজনীতিতে ফের আলোচনার কেন্দ্রে দিলীপ ঘোষ। একাধিক নেতার মুখে শোনা গিয়েছে ‘গো ব্যাক’ স্লোগান, তা-ও আবার দলের অন্দর থেকেই। সূত্রের খবর, দিলীপ ঘোষকে ঘিরে দল কার্যত দুটি ভাগে বিভক্ত।
যাঁরা একসময় সোশ্যাল মিডিয়ায় দিলীপ ঘোষের সঙ্গে ছবি পোস্ট করে নিজেদের গুরুত্ব বোঝাতে চেয়েছিলেন, এখন তাঁর সঙ্গে দূরত্ব তৈরি করছেন অনেকেই। সম্প্রতি দেখা গিয়েছে, বহু বিজেপি নেতা তাঁদের প্রোফাইল পিকচার (ডিপি) থেকে দিলীপ ঘোষের সঙ্গে থাকা ছবি সরিয়ে ফেলছেন। রাজনৈতিক মহলের ধারণা, দলীয় নেতৃত্বের কাছে নিজেদের অবস্থান পরিষ্কার করতেই এই উদ্যোগ নিচ্ছেন তাঁরা।
এই পরিস্থিতির মধ্যেই ২ মে তারিখে এক্স (প্রাক্তন টুইটার) হ্যান্ডেলে একটি পোস্ট করেন দিলীপ ঘোষ। তিনি লেখেন, “আজ সেই অভিশপ্ত ২রা মে। আজকের দিনে ২০২১ সালে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হতেই শুরু হয়েছিল তৃণমূলী দুষ্কৃতীদের তাণ্ডব। তাতে প্রাণ হারিয়েছেন আমাদের ২৫০ জন কার্যকর্তা। সকল কার্যকর্তার শান্তি কামনা করি।”
দলীয় কোন্দল, দিলীপ ঘোষকে ঘিরে বিভাজন এবং তাঁর সোশ্যাল মিডিয়া পোস্ট—এই সমস্ত কিছু নিয়ে ফের সরগরম বঙ্গ রাজনীতি। এই পরিস্থিতিতে দিলীপ ঘোষের ভূমিকা এবং তাঁর ভবিষ্যৎ অবস্থান নিয়ে জল্পনা আরও জোরাল হয়েছে।







