পরিচালকের অজান্তেই মুম্বইয়ের একটি জাতীয় স্তরের ওটিটি প্ল্যাটফর্মে বিক্রি হয়ে গেল একটি বাংলা ছবি, এমনই বিস্ফোরক অভিযোগ আনলেন পরিচালক-প্রযোজক দম্পতি অনামিকা আদিত্য ও অর্চন আদিত্য। তাঁদের দাবি, গান বিক্রির নামে প্রতারণা করে কলকাতার এক সঙ্গীত সংস্থা তাঁদের তৈরি সম্পূর্ণ ছবিটি বেআইনিভাবে মুম্বইয়ে বিক্রি করে দিয়েছে। এই ঘটনায় লালবাজার সাইবার থানায় অভিযোগ দায়ের করেছেন অনামিকা-অর্চন। তাঁদের অভিযোগ, তাঁরা প্রায় দুকোটি টাকার সাইবার প্রতারণার শিকার হয়েছেন। অভিযুক্তদের তালিকায় রয়েছেন কলকাতার রাজডাঙার সঙ্গীত সংস্থার কর্ণধার এবং মুম্বইয়ের ওটিটি প্ল্যাটফর্মের তিন কর্তা। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং শীঘ্রই চার অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য লালবাজারে ডাকা হতে পারে।
ঘটনার সূত্রপাত ২০১৩ সালে। দক্ষিণ কলকাতার হরিদেবপুর এলাকার বাসিন্দা অনামিকা আদিত্য সে বছর একটি ১৪০ মিনিটের বাংলা ছবির প্রযোজনা করেন। ছবিটির কাহিনি এবং পরিচালনার দায়িত্বে ছিলেন তাঁর স্বামী, কবি অর্চন আদিত্য। ছবিটি ২০১৩ সালের দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও দেখানো হয়। এতে ব্যবহৃত হয় একাধিক গান, যেগুলি গেয়েছেন কলকাতা ও মুম্বইয়ের শিল্পীরা। ২০১৪ সালে দম্পতির পরামর্শদাতাদের কথায়, গানগুলির স্বত্ব একটি সঙ্গীত সংস্থার কাছে বিক্রি করেন তাঁরা, উদ্দেশ্য ছিল গান দিয়ে কিছু উপার্জন এবং ছবির প্রচার। কিন্তু চুক্তি সই হলেও সেই সংস্থার কর্ণধার কোনও টাকা দেননি বলে অভিযোগ। এরপর বহুবার যোগাযোগের চেষ্টা করেও তাঁরা ব্যর্থ হন।
২০১৯ সালে অভিযুক্ত কর্ণধারের খোঁজ মেলে যাদবপুরে। তিনি জানান, গানগুলি কলার টিউন হিসেবে বিক্রি হয়েছে, কিন্তু তাতেও প্রযোজক-পরিচালক কোনও অর্থ পাননি। পরে তাঁরা জানতে পারেন, পুরো ছবিটিই ওটিটি প্ল্যাটফর্মে বিক্রি করা হয়েছে তাঁদের অজ্ঞাতে। সেখানেই চমক, ছবির তথ্য বদলে দিয়ে বানানো হয়েছে ভুয়ো পরিচিতি। পরিচালক, অভিনেতা-অভিনেত্রীর নাম, এমনকি গায়িকার নামও পালটে দেওয়া হয়েছে। এমনকি ছবির নির্মাণ সালও দেখানো হয়েছে ২০১৪, যদিও প্রকৃত সাল ২০১৩। ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে যোগাযোগ করেও কোনো সদুত্তর না পাওয়ায় অবশেষে আইনি পদক্ষেপে যান অনামিকা-অর্চন। সাইবার থানায় দায়ের করা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে লালবাজার পুলিশ। এখন অপেক্ষা, অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ ও পরবর্তী আইনি পদক্ষেপের দিকে।







