আসন্ন এশিয়ান গেমস এবং কমনওয়েলথ গেমসের মতো বড় প্রতিযোগিতার কথা মাথায় রেখে দেশের প্রথম সারির অ্যাথলিটদের ওপর কড়া নজরদারি শুরু করল ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি (নাডা)। ২০২৬ সালের জন্য নাডা যে ৩৪৭ জন খেলোয়াড়ের তালিকা প্রকাশ করেছে, সেখানে ভারতের একাধিক নামী ক্রিকেটারের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশেষ করে নজর কেড়েছে স্মৃতি মন্ধানা এবং জেমাইমা রদ্রিগেজের নাম।
নতুন এই তালিকায় দেখা যাচ্ছে, পুরুষ ও মহিলা মিলিয়ে মোট ১৪ জন ক্রিকেটারকে ডোপ পরীক্ষার আওতায় রাখা হয়েছে। মজার ব্যাপার হলো, শুরুর দিকে এই তালিকায় সূর্যকুমার যাদব এবং সঞ্জু স্যামসনের নাম থাকার কথা শোনা গেলেও, শেষ মুহূর্তে তাঁদের বদলে স্মৃতি ও জেমাইমার নাম চূড়ান্ত করা হয়েছে। এছাড়া শুভমন গিল, ঋষভ পন্থ, হার্দিক পাণ্ড্য ও জসপ্রীত বুমরার মতো মহাতারকারা তো আছেনই। মহিলা দল থেকে দীপ্তি শর্মা ও শেফালি বর্মারাও এই নজরদারির বাইরে নেই।
নাডার এই নিয়মের ফলে এখন থেকে এই খেলোয়াড়দের তাঁদের সারা বছরের খুঁটিনাটি সূচি বা ‘লোকেশন’ কর্তৃপক্ষকে জানাতে হবে। তাঁরা কখন কোথায় থাকছেন বা কোথায় অনুশীলন করছেন, সেই তথ্য আগেভাগেই দেওয়া বাধ্যতামূলক। যদি কোনো খেলোয়াড় পর পর তিনবার ডোপ পরীক্ষার জন্য উপস্থিত না থাকেন বা নিজের সঠিক অবস্থান জানাতে ব্যর্থ হন, তবে তাঁকে কড়া শাস্তির মুখে পড়তে হতে পারে। শুধু ক্রিকেট নয়, হকি দলের অধিনায়ক হরমনপ্রীত সিংহ, সালিমা টেটে এবং অলিম্পিক পদকজয়ী কুস্তিগির আমন সেরাওয়াতের মতো ২৯ জন কুস্তিগিরও রয়েছেন এই তালিকায়। আসলে বড় টুর্নামেন্টের আগে ভারতীয় ক্রীড়াবিদরা যাতে সম্পূর্ণ ‘ক্লিন’ থাকেন এবং কোনো অনাকাঙ্ক্ষিত বিতর্কে না জড়ান, সেই লক্ষ্যেই ১২০ জন নতুন মুখসহ এই বিশাল তালিকা তৈরি করেছে নাডা।







