খেলাধুলা

হিটম্যানের শেষ ইনিংস? বিদেশবাসের ইঙ্গিত ঘনিষ্ঠ মহলের!

রোহিত শর্মার আন্তর্জাতিক কেরিয়ারের শেষ পর্ব কি তবে শুরু হয়ে গেল? গত বছর টি-২০ থেকে বিদায় নিয়েছিলেন ভারতের এই প্রাক্তন অধিনায়ক। চলতি বছরের ৭ ই মে তিনি টেস্ট ক্রিকেট থেকেও সরে দাঁড়ান। তখনই জানিয়েছিলেন, এখন শুধু oneday ক্রিকেটেই মন দিতে চান তিনি। লক্ষ্য ছিল ২০২৭ বিশ্বকাপ। কিন্তু সূত্রের খবর, বোর্ডের অন্দরে এই অভিজ্ঞ ব্যাটারকে বাদ দেওয়ার কথাই ভাবা হচ্ছে।

আগামী অগস্টে বাংলাদেশের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ হওয়ার কথা ছিল, কিন্তু কূটনৈতিক জটিলতায় তা পিছিয়ে গিয়েছে। এখন সেই সময় শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ আয়োজনের পরিকল্পনায় নেমেছে BCCI । আর এখানেই পরিবর্তনের আভাস মিলেছে। বোর্ডের অন্দরমহলে আলোচনায় উঠে এসেছে, রোহিতের বদলে শুভমান গিলের হাতে দায়িত্ব তুলে দেওয়া হতে পারে। এমন সিদ্ধান্ত বাস্তব হলে রোহিতের ওয়ানডে ভবিষ্যৎ কার্যত শেষ বলেই মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।

ওয়ানডে থেকেও সরে দাঁড়ালে, প্রায় পুরোদমেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিতে পারেন রোহিত। একমাত্র IPL -ই হতে পারে তার খেলার একমাত্র মঞ্চ, তাও বছরে মাত্র দুই মাস। ফলে বেশিরভাগ সময় তিনি থাকবেন মাঠের বাইরে। জানা যাচ্ছে, পরিবারের সঙ্গে লন্ডনে স্থায়ী হওয়ার পরিকল্পনাও করছেন তিনি। ঘনিষ্ঠমহলের মতে, ভারতীয় তারকা হিসেবে সর্বক্ষণ মিডিয়ার নজরদারি থেকে মুক্তি পেতে এই সিদ্ধান্ত নিতে পারেন রোহিত শর্মা।

স্ত্রী ঋতিকা সাজদেহ এবং দুই সন্তান সামাইরা ও অহানকে নিয়ে ইংল্যান্ডে নতুন জীবন শুরু করার কথাও শোনা যাচ্ছে। ব্যক্তিগত পরিসর আর স্বস্তির জীবন বেছে নিতে চাইছেন ‘হিটম্যান’। আসলে, রোহিত যে পথে হাঁটছেন, সেই একই পথে আগেই পা রেখেছেন বিরাট কোহলি। বর্তমানে দিল্লি ও মুম্বইয়ে থাকার জায়গা থাকলেও, পরিবারকে নিয়ে বেশিরভাগ সময় লন্ডনেই কাটাচ্ছেন বিরাট। স্ত্রী অনুষ্কা ও দুই সন্তান ভামিকা ও অকায়ের সঙ্গে তিনি লন্ডনের স্থায়ী বাসিন্দা হয়ে উঠেছেন বলেই জানা যাচ্ছে। এমনকি ভামিকাকে ইতিমধ্যেই ভর্তি করা হয়েছে সেখানকার এক স্কুলে।

রোহিতের কেরিয়ার পরিসংখ্যানও যথেষ্ট তাৎপর্যপূর্ণ। ২০০৭ সালে জাতীয় দলে অভিষেক। ২৭৩টি ওয়ানডে ম্যাচে করেছেন ১১,১৬৮ রান, যার মধ্যে রয়েছে ৩২টি শতরান। ভারতের হয়ে চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। টি-২০ তে ১৫৯ ম্যাচে ৪২৩১ রান সহ রয়েছে ৫টি সেঞ্চুরি। ৬৭টি টেস্ট ম্যাচে ৪৩০১ রান, ১২টি শতরান, ১৮টি হাফ সেঞ্চুরি এই পরিসংখ্যানই বলছে, ভারতীয় ক্রিকেটে তাঁর অবদান কতটা বিশাল।

সব মিলিয়ে, ভারতের জার্সিতে রোহিতের সময় কি তবে শেষের পথে? ওয়ানডে থেকেও যদি বাদ পড়েন, তাহলে হয়তো চুপিচুপি অবসর নেওয়ার দিকেই এগোবেন ‘হিটম্যান’। আর সেই সঙ্গে হয়তো মুম্বইয়ের জীবন ছেড়ে পরিবার নিয়ে নতুনভাবে শুরু করবেন লন্ডনে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.