ভাইরাল

স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে ‘সিঁদুর’ কাণ্ড! ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়, কড়া পদক্ষেপ কর্তৃপক্ষ

দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের একটি উচ্চ বিদ্যালয়কে ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে একটি ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, একাদশ শ্রেণির এক ছাত্র ক্লাস সেভেনের এক ছাত্রীর সিঁথিতে লাল রঙের কিছু পরিয়ে দিচ্ছে। যদিও ভাইরাল ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি, তবে স্কুল কর্তৃপক্ষ স্বীকার করেছে ঘটনাটি তাদের বিদ্যালয়েরই।

স্কুল সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি গত ২৭ বা ২৮ জুন স্কুল ছুটির পর ঘটে। অভিযোগ, অধিকাংশ শিক্ষক ও পড়ুয়া চলে যাওয়ার পর কয়েকজন ছাত্র-ছাত্রী একটি শ্রেণিকক্ষে জড়ো হয়। সেখানেই এই ঘটনা ঘটে এবং উপস্থিত এক পড়ুয়া মোবাইলে তার ভিডিও রেকর্ড করে। পরে সেটিই সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।

ভিডিও প্রকাশ্যে আসতেই অভিভাবকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। স্কুলের সামনে বিক্ষোভও দেখানো হয়। পরিস্থিতি সামাল দিতে স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের সঙ্গে বৈঠকে বসে। বিদ্যালয়ের দাবি, ভিডিওতে যেটিকে সিঁদুর বলে মনে হচ্ছে, সেটি আসলে রং, সিঁদুর নয়।

ঘটনার তদন্তে নেমে বিদ্যালয় কর্তৃপক্ষ অভিযুক্ত ছাত্র-ছাত্রীদের পাশাপাশি ঘটনাস্থলে উপস্থিত অন্য শিক্ষার্থীদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে। কয়েক মাসের জন্য তাঁদের স্কুলে আসা নিষিদ্ধ করা হয়েছে বলে জানা গিয়েছে।

শুক্রবার স্কুলের প্রাক্তন পড়ুয়া, সংশ্লিষ্ট ছাত্র-ছাত্রীর পরিবারের সদস্য এবং অভিভাবকদের নিয়ে একটি বৈঠকও অনুষ্ঠিত হয়। সেখানে বিদ্যালয়ে শৃঙ্খলা বজায় রাখা, শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা জোরদার করা এবং ভবিষ্যতে এমন ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে আলোচনা হয়।

বিদ্যালয়ের টিআইসি ব্রজেন্দ্রনাথ রায় জানান, ৩০ জুন বিষয়টি তাঁদের নজরে আসে। এরপরই স্কুলে বৈঠক করে সংশ্লিষ্ট পড়ুয়াদের সঙ্গে কথা বলা হয় এবং ভাইরাল ভিডিওটি যতটা সম্ভব সামাজিক মাধ্যম থেকে মুছে ফেলার অনুরোধ করা হয়। তাঁর কথায়, “বিদ্যালয় কখনওই এ ধরনের আচরণকে সমর্থন করে না। স্কুল ছুটির পর, সবার নজরের বাইরে ঘটনাটি ঘটেছে। বিষয়টি অত্যন্ত নিন্দনীয়।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.