কলকাতা হাই কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে চলা দুটি মামলার শুনানিতে ভিন্ন ভিন্ন পরিস্থিতি তৈরি হয়েছে। ‘ডিজে’ মন্তব্য সংক্রান্ত মামলায় আপাতত স্বস্তি না মিললেও, বিধানসভায় সই জালিয়াতির অভিযোগের মামলায় অন্তর্বর্তী সুরক্ষা আরও কিছুদিন বহাল থাকছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের।
শুক্রবার আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায় ও অয়ন ভট্টাচার্যের বক্তব্যের পর অভিষেকের পক্ষে তাঁর আইনজীবী বিচারপতি সৌগত ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করেন। বিচারপতি জানান, মঙ্গলবারের আগে এই বিষয়ে কোনও আবেদন গ্রহণ করা হবে না। সেদিন ফের আবেদন জানালে আদালত দ্রুত শুনানির বিষয়টি বিবেচনা করবে।
প্রসঙ্গত, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে গত মে মাসে বাগুইআটির এক জনসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্যকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়। বক্তব্যে তিনি বলেন, “৪ তারিখ রাত ১২টার পর কে বাঁচাতে আসে, সেটাও দেখব। এই জল্লাদদের কত ক্ষমতা আর দিল্লি থেকে কোন বাবা তাঁদের বাঁচাতে আসে, তাও দেখা যাবে। ডিজে এমন বাজবে যে কান ঝালাপালা হয়ে যাবে।” এই মন্তব্যের জেরে বাগুইআটির এক বাসিন্দা বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন। পরে তদন্তভার সিআইডির হাতে যায়। আগামী ৮ জুলাই বিধাননগর আদালতে অভিষেককে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সেদিন ম্যাজিস্ট্রেট ও ফরেনসিক বিশেষজ্ঞের উপস্থিতিতে তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের কথা রয়েছে। তার আগে মঙ্গলবার হাই কোর্টে মামলাটির শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, বিধানসভায় সই জালিয়াতির অভিযোগের মামলায় আপাতত স্বস্তি পেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিচারপতি শুভ্রা ঘোষের জরুরি বেঞ্চ তাঁর অন্তর্বর্তী রক্ষাকবচের মেয়াদ ১৭ জুলাই পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। আদালত জানিয়েছে, যেহেতু এই মামলার মূল শুনানি বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চে হয়েছে এবং তিনি বর্তমানে সার্কিট বেঞ্চে রয়েছেন, তাই তাঁর প্রত্যাবর্তন পর্যন্ত আগের নির্দেশই বহাল থাকবে।
উল্লেখ্য, গত ৬ মে কালীঘাটে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে বিধায়কদের বৈঠকে শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম বিরোধী দলনেতা হিসেবে প্রস্তাব করা হয় এবং উপস্থিত সদস্যরা হাত তুলে সেই প্রস্তাব সমর্থন করেন। তবে বিধানসভায় প্রয়োজনীয় আনুষ্ঠানিক প্রস্তাবপত্র তখন জমা পড়েনি। পরে ১৩ ও ১৪ মে নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণের সময় প্রত্যেকে রেজিস্টারে স্বাক্ষর করেন। এরপর বিধানসভার সচিব বিরোধী দলনেতার নাম সম্বলিত প্রস্তাবপত্র চাওয়ায় ১৯ মে আবার কালীঘাটে বৈঠক ডাকা হয়। সেখানে উপস্থিত বিধায়কদের স্বাক্ষর সংগ্রহ করা হয় এবং অনুপস্থিতদের হিসাবও রাখা হয়। পরে ৭০ জন বিধায়কের সমর্থন-সহ একটি নথি বিধানসভায় জমা দেওয়া হয়।
এরপরই অভিযোগ ওঠে, শপথের সময় করা স্বাক্ষর এবং জমা দেওয়া প্রস্তাবপত্রের স্বাক্ষরের মধ্যে অমিল রয়েছে। বিষয়টি নজরে আসতেই বিধানসভার সচিবের অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের হয় এবং তদন্তভার সিআইডির হাতে যায়। তদন্তের অংশ হিসেবে একাধিক বিধায়ককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। দলের এক বিদ্রোহী বিধায়ক এই ঘটনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে অভিযোগ তোলেন। সেই সূত্রেই তাঁকে তলব করে সিআইডি। পরে বিষয়টি কলকাতা হাই কোর্টেও গড়ায়।







