আবহাওয়া

দক্ষিণবঙ্গে আরও বাড়বে তাপমাত্রা, বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে

তাপপ্রবাহে নাজেহাল গোটা রাজ্য। অসস্তিকর গরমে কাবু হয়ে পড়ছে বঙ্গবাসীরা। অথচ চৈত্র মাস শেষ হতে এখনও আরও কিছুদিন বাকি। এবং আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে ঝড়-বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বরং তাদের পূর্বাভাস, তাপমাত্রার পরিমাণ আরও বৃদ্ধি পেতে পারে বেশ কয়েকটি জেলায়।

পশ্চিমবঙ্গের বেশ কিছু গাঙ্গেয় সংলগ্ন জেলার তাপমাত্রা ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। এছাড়াও বেশ কয়েকটি জেলায় আবার দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে চার থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে। বুধবার পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর জেলার কিছু এলাকায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। বৃহস্পতিবার এই তিন জেলার পাশাপাশি, তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুর জেলায়। শুক্রবার পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে। ‘লু’ বইবার সম্ভাবনাও রয়েছে বেশ কিছু এলাকায়। এই জেলাগুলিতে তীব্র তাপমাত্রার সম্ভাবনা থাকতে পারে শনিবার পর্যন্ত।

আজকের আবহাওয়া

বুধবার, ০৩ এপ্রিল কলকাতা, পশ্চিমবঙ্গ
সর্বাধিক তাপমাত্রা৩৭ ডিগ্রি সেলসিয়াস

সকাল থেকে বিকেল পর্যন্ত তাপপ্রবাহ চললেও বিকেলের পর দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলার কয়েকটি এলাকা জুড়ে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতার তাপমাত্রা চলতি সপ্তাহেই সেলসিয়াসের ঘর ৩৮ ডিগ্রি পর্যন্ত ছুঁতে পারে। বুধবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি বেশি ছিল, ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৭ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৩০ থেকে ৯১ শতাংশ।

এই তীব্র তাপপ্রবাহের হাত থেকে রক্ষা পেতে আবহাওয়া দফতর কিছু পরামর্শ দিয়েছে। রাস্তায় বেরিয়ে এক টানা বেশি ক্ষণ রোদে থাকা যাবে না, হালকা রঙের এবং হালকা সুতির জামাকাপড় পড়তে হবে, ছাতা ব্যবহার করা অথবা কোনও কিছু দিয়ে মাথা ঢেকে রাখা, পর্যাপ্ত জল এবং তার পাশাপাশি ওআরএস ও লেবুর জল বেশি করে পান করতে হবে।

রবিবার বিকেলে মাত্র কয়েক মিনিটের ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড হয়ে গিয়েছে জলপাইগুড়ি শহর, ময়নাগুড়ি, ধূপগুড়ি। এতে মৃত্যু হয়েছে পাঁচ জনের ও আহতের সংখ্যা শতাধিক। বহু মানুষ ঘরছাড়া হয়ে পড়েছেন। ঝড়বৃষ্টিতে বিধ্বস্ত জলপাইগুড়িতে বুধবার থেকে পূর্বাভাস রয়েছে বৃষ্টিপাতের। বুধবার এবং বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলার কয়েকটি এলাকায় বজ্রবিদ্যুৎ- সহ হালকা বৃষ্টি হতে পারে। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি জেলার কয়েকটি এলাকায়। এর পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলার কয়েকটি এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.