সারা দেশের আবহাওয়াতেই (Weather) এসেছে বড় বদল। ভরা বসন্তে নেমে এসেছে কালবৈশাখীর ছায়া। আবহাওয়ার এমন মুড স্যুইং দেখে কার্যত চিন্তায় সকলেই। বিশেষ করে দক্ষিণবঙ্গের মানুষের তো চিন্তার শেষ নেই। হঠাৎ হঠাৎ ঝড় বৃষ্টির তাণ্ডবে জেরবার আম জনতা। এহেন পরিস্থিতিতে খবর, আগামী শুক্রবার থেকে ফের বদলাবে বাংলার আবহাওয়া।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই। সকাল থেকে সন্ধ্যা মনোরম আবহাওয়া বজায় থাকবে আগামী শুক্রবার পর্যন্ত। হালকা উত্তর-পশ্চিমের হাওয়া বইবে। মৃদু শীতল হাওয়ায় খুব সামান্য হলেও পারদ নামবে। তবে তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন নেই।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, উত্তরবঙ্গে আগামী ৪৮ ঘণ্টায় আপাতত বৃষ্টি নেই। শুষ্ক আবহাওয়া। শুক্রবার দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই। শুধুমাত্র পার্বত্য এলাকায় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি হলেও উত্তরবঙ্গের বাকি জেলায় শুষ্ক আবহাওয়া। তাপমাত্রায় কোন উল্লেখযোগ্য পরিবর্তন নেই। আগামী তিন দিন তাপমাত্রা খুব সামান্য কমবে। শুক্রবারের পর আবার বাড়তে পারে পারদ।
কলকাতার আবহাওয়া : হাওয়া অফিসের পূর্বাভাস, আপাতত ঝরঝরে পরিস্কার থাকবে কলকাতার আকাশ। সকাল দিকটা হালকা ঠান্ডা আমেজ থাকলেও বেলা বাড়ার সাথে সাথেই বাড়বে তাপমাত্রা। উল্লেখ্য, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২১ ডিগ্রি সেলসিয়াস। শহরের সর্বোচ্চ তাপমাত্রা হবে ৩১ ডিগ্রি সেলসিয়াস।







