দিদির প্রার্থী ‘দিদি নম্বর ওয়ান’-এর দিদি! রবিবার ব্রিগেডে নাম ঘোষণার পরপরই তারকা প্রার্থীকে নিয়ে উল্লাসে ফেটে পড়ে হুগলি। কিছু সময় গড়াতেই চুঁচুড়া থেকে মগরা, দেওয়ালে ফুটে উঠতে শুরু করে টিভির জনপ্রিয় সঞ্চালক তথা অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ের নাম। ঘাসফুল শিবিরের তৎপরতা বলে দিচ্ছিল, তারকা প্রার্থী পেয়ে কর্মীরা খুশিই হয়েছেন। রাজনৈতিক মহল বলছে, একদা তারকা ছিলেন বিজেপির সাংসদ তথা এবারের হুগলির প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। আর রচনাদেবী এখনও তারকাবৃত্তেই সক্রিয়। ফলে সাবেক তারকা বনাম বর্তমানের তারকার লড়াইয়ের প্রথমপর্বের আলোটুকু রাজ্যের শাসকদলই শুষে নিতে পেরেছে। অন্যদিকে, শ্রীরামপুর আসনে তৃণমূল কংগ্রেস ভরসা রেখেছে দাপুটে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপরেই। রবিবার তাঁর নামেও দেওয়াল লিখন শুরু হয়ে যায়।
রচনাকে প্রার্থী করার পিছনে তৃণমূলের রণকৌশল যে যথাযথ হয়েছে, এদিন সন্ধ্যায় তা স্পষ্ট হয়ে যায় বিজেপি নেতাদের বিবৃতি থেকেই। বিজেপি প্রার্থী তথা বর্তমান সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেন, ‘বাংলার মুখ্যমন্ত্রী হুগলি আসনের লড়াইটা লকেট বনাম রচনা করতে চেয়েছেন। কিন্তু তাতে সুবিধা হবে না। এবারের লোকসভার লড়াই অন্যায় বনাম ন্যায়ের, মমতা বন্দ্যোপাধ্যায় বনাম নরেন্দ্র মোদির। আমি মোদিজির সৈনিক হয়ে হুগলি আসনে লড়তে নেমেছি।’ তৃণমূল কংগ্রেস বিধায়ক তথা দলের হুগলি সাংগঠনিক জেলার সহ সভাপতি অসিত মজুমদার বলেন, ‘বিপদ বুঝে বিজেপির প্রার্থী কথার খেলা খেলতে নেমেছেন। দু’দিন আগেই তিনি বলেছিলেন, তৃণমূল লকেট চট্টোপাধ্যায়কে ভয় পাচ্ছে। ভয় পাওয়াটা তাঁর খুব ভালো লাগছে, তিনি উপভোগ করছেন। আর এখন কথার খেলা খেলছেন কেন? খেলা এবার ভোটের মাঠে হবে। আমরা তৈরি।’ ’ হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় এদিন সংবাদমাধ্যমকে বলেন, ‘মানুষের কাজ করার সুযোগ দেওয়ার জন্য আমি মমতাদিদির কাছে কৃতজ্ঞ। দ্রুত হুগলির গ্রাম-শহরে মানুষের কাছে যাব। তাঁদের আর্শীবাদ চাইব।’






