অভিযোগ আসছে এমনই যে, সরকারি বাসের সংখ্যা প্রচুর কমে গিয়েছে। আম জনতার একাংশের তরফ থেকে বহুক্ষেত্রে দাবি উঠেছে নির্দিষ্ট সময় তাঁরা বাস পাচ্ছেন না। সেই বিষয়ে এবার উদ্বিগ্ন হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার পরিবহণ দফতরে সরকারি বাসের সংখ্যা কম নিয়ে বৈঠকের বসেন তিনি।
উল্লেখ্য, পরিস্থিতি ঠিকঠাক করার তাগিদে মঙ্গলবার পরিবহণ মন্ত্রী ও পরিবহণ দফতরের সচিবের সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী। বৈঠকে পরিবহণ দফতরকে প্রয়োজনে টোটোর জন্য নির্দিষ্ট নীতি তৈরিরও নির্দেশ দেন মমতা।
সূত্রের খবর, রাস্তায় সরকারি বাসের সংখ্যা কমছে। তবে পাল্লা দিয়ে তেলের জন্য খরচ বাড়ার কারণ কী? পরিবহন দফতরের রিভিউ মিটিং-এ প্রশ্ন তোলেন মমতা। রীতিমতো ক্ষোভপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, বেতন দিতে সমস্ত টাকা খরচ হয়ে গেলেও আয় বাড়ছে না বলে দাবি করেন তিনি।
প্রসঙ্গত, পরিবেশ বান্ধব বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়ানোর নীতি নিয়েছে রাজ্য সরকার। সম্প্রতি আরও ১ হাজার ১৮০টি বৈদ্যুতিক বা ই-বাস কেনা হয়েছে। তবে এই বিষয়ে শীর্ষ আদালতে মামলা চলার দরুণ বাসগুলো এখনও পথে নামানো যায়নি। মামলার রায় যদি সরকারের তরফে যায় তবে সেই বাসগুলো যত দ্রুত সম্ভব পথে নামানোর নির্দেশ দিয়েছেন মমতা। যার জেরে পরিবহণ দফতরের আয় বাড়বে বলেই মনে করা হচ্ছে।






