কয়লা পাচার ও আইপ্যাক সংক্রান্ত মামলার তদন্তে গতি বৃদ্ধি করতে বড় পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সম্প্রতি এই দুই গুরুত্বপূর্ণ মামলার জন্য দিল্লি ও কলকাতার অফিসারদের নিয়ে একটি বিশেষ তদন্তকারী দল গঠনের পরিকল্পনা করা হচ্ছে।
শুক্রবার ইডি ডিরেক্টর রাহুল নবীন সংস্থার শীর্ষ আধিকারিকদের সঙ্গে ইতিমধ্যেই বৈঠকে সেরেছেন। সেখানেই কয়লা পাচার কান্ড থেকে শুরু করে আইপ্যাক মামলার তদন্ত এক ছাতার তলায় এনে দ্রুত এগিয়ে নিয়ে যাবার লক্ষ্যেই এই ধরনের বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তদন্তে কার্যকারিতায় বৃদ্ধি করতেই ইডির তরফে এক বিশেষ দল গঠনের সিদ্ধান্ত নেওয়া হতে চলেছে। আইপ্যাক দফতরে তল্লাশির দিন কী কী ঘটনা ঘটেছিল, সেই সংক্রান্ত খতিয়ে খতিয়ে দেখেছেন রাহুল নবীন। তল্লাশির সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কখন সেখানে উপস্থিত হয়েছিলেন।
এছাড়াও মুখ্যমন্ত্রীর সঙ্গে কোন কোন পুলিশ অফিসার ছিলেন, সেই সব তথ্যও সংগ্রহ করা হবে। অন্যদিকে বালি পাচার ও কয়লা পাচার সংক্রান্ত একাধিক মামলা নিম্ন আদালতে বিচারাধীন রয়েছে। সেই বিষয় নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ইডি ডিরেক্টর। তিনি সংশ্লিষ্ট মামলার আইনজীবীদের সঙ্গেও বৈঠক করে আইনি প্রক্রিয়ায় এগিয়ে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। সব মিলিয়ে, কয়লা পাচার ও আইপ্যাক মামলায় তদন্ত নিয়ে বেশ তৎপর হয়েছে ইডি।







