ফের শিয়ালদহে আসতে চলেছে বদল। এবার একাধিক শাখায় শুরু হতে চলেছে ১২ কামরার ট্রেন। এর ফলে যাত্রীদের অনেকটাই সুবিধা হবে। তবে লোকসভা ভোটের পর থেকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো নির্দিষ্ট দিন ঠিক হয়নি।
বর্তমান সময় শিয়ালদহ দক্ষিণ, শিয়ালদহ মেন অর্থাৎ শিয়ালদহ-রানাঘাট-কৃষ্ণনগর ও শিয়ালদহ উত্তর অর্থাৎ শিয়ালদহ-বনগাঁ বিভাগে ট্রেন চলাচল করে। তবে শিয়ালদহ দক্ষিণের সব কটা ইএমইউ ট্রেনকে ১২ বগির করে দেওয়া হবে। পাশাপাশি অন্য দুই বিভাগের ৯ বগির সমস্ত ট্রেন ১২ বগি করা হবে। যাত্রীদের সুবিধার্থে পূর্ব রেলের এই সিদ্ধান্ত।
তবে কামরা শুধুমাত্র সংখ্যায় বাড়বে না, আয়তনেও বাড়বে। শিয়ালদহ মেন ও উত্তর শাখার সব স্টেশনের দৈর্ঘ্যে ততটা বড় নয়। সেই কারণে জোর কদমে চলেছে প্ল্যাটফর্ম বড়ো করার কাজ। পাশাপাশি সংশ্লিষ্ট ওভারহেড তারের কাজ, সিগন্যাল এবং ইয়ার্ড লে আউটের বদলে নন ইন্টারলকিং সংক্রান্ত কাজও চলছে। এখনো পর্যন্ত ১,২ এবং ৩ নম্বর প্ল্যাটফর্মে কাজ চলছে। ইতিমধ্যেই শিয়ালদহের ৪ নম্বর প্ল্যাটফর্মের আয়তন বৃদ্ধির কাজ সম্পন্ন হয়েছে।







