লোকসভা নির্বাচনের যে সমীক্ষাগুলোয় গেরুয়া ব্রিগেডকে এগিয়ে রাখা হয়েছে, সেগুলোকে এবার ভুয়ো বলে উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর উবাচ, ‘দেশে ২০০টি আসনও পাবে না বিজেপি। সব সমীক্ষা ভুয়ো। লক্ষ লক্ষ টাকা ঢেলে সমীক্ষা করেছে। ওতে কান দেবেন না। মানুষের চোখ বলছে, বিজেপি জিতবে না।’
তোপ দাগেন নির্বাচন কমিশনের বিরুদ্ধেও। বলেন, ‘যার বিয়ে সে-ই পুরোহিত – এটা প্রথম দেখছি। কী করে রাজ্যের পুলিসকে পুরো বাদ দিয়ে আপনারা শুধু কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাচ্ছেন? যাতে লোকে ভোট দিতে না পারে?’
বিশেষভাবে উল্লেখ্য, এদিন আরম্ভ হয়েছে লোকসভা নির্বাচন। প্রথম দফায় বাংলার তিনটি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভোটের মাঝেই মুর্শিদাবাদের হরিহরপাড়ার কৃষক বাজার ময়দানে জনসভা মমতা বন্দ্যোপাধ্যায়ের।







