অনেক আশা নিয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট না দিয়েই ফিরতে হলো বৃদ্ধাকে। মৃত বলে ঘোষণা করা হয় তাকে। শুক্রবার প্রথম দফার নির্বাচনে জলপাইগুড়ির ধুপগুড়ির ১৫/১৮৬ নম্বর বুথে। এই ঘটনার জেরে তোড়জোড় শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
ভোটার বাসন্তী দাস ধুপগুড়ি এলাকার ৭ নং ওয়ার্ডের বাসিন্দা।
এইদিন সকালে ভোটকেন্দ্রে ভোট দিতে গিয়ে তাকে মৃত বলে ঘোষণা করা হয়েছে বলে তিনি জানতে পারেন। এই বিষয়ে ওই বুথের প্রিসাইডিং অফিসার হিমাদ্রীশেখর দাস জানান, ওইদিন ওই বৃদ্ধা ভোটকেন্দ্রে এসেছিলেন। কিন্তু আমাদের দেওয়া লিস্টে তার নাম মৃত বলে চিহ্নিত করা হয়েছে। ওই বৃদ্ধা প্রিসাইডিং অফিসারকে জানান, তিনি আর ভোট দিতে পারবেন না।
এই বিষয়ে তৃণমূলের ধুপগুড়ি ব্লক সভাপতি ইভান দাস জানান, এইমাত্র বিষয়টি জানতে পারলাম। উর্ধ্বতন কতৃপক্ষের সঙ্গে তিনি এই বিষয়ে কথা বলবেন। তিনি যাতে এই ভোট দিতে পারেন সেইদিকে লক্ষ্য রাখা হচ্ছে।







