মঙ্গলবার সকাল ৯ টা ৫৪ মিনিট নাগাদ সারদা মঠ এবং রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষা প্রবীণতম সন্ন্যাসিনী প্রব্রাজিকা আনন্দপ্রাণা মাতাজি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সারদা মাঠের সদর দফতরে। সূত্রের খবর, বিগত কয়েক দিন ধরেই তিনি বয়সজনিত অসুস্থতায় ভুগছিলেন। প্রয়াতকালে তার বয়স হয়েছিল ৯৭ বছর।
আনন্দপ্রাণার দেহ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টে নাগাদ রাখা থাকবে দক্ষিণেশ্বরে সারদা মঠের প্রধান কার্যালয়ে। সারদা মঠ সূত্রে জানানো হয়েছে, তাঁকে শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ ভক্তেরা সেখানেই পাবেন। ভক্তরা প্রব্রাজিকা আনন্দপ্রাণাকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত। তারপরই সম্পন্ন হবে তার শেষকৃত্য। তার প্রয়াত সংবাদে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে পোস্ট করে শ্রদ্ধাজ্ঞাপন করেন তিনি।
আনন্দপ্রাণা মাতাজী ছিলেন সারদা মঠের পঞ্চম সভাপতি। ১৯২৭ সালে তিনি কলকাতায় জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তাঁর মধ্যে ঈশ্বরানুরাগ ছিল প্রবল। যোগাযোগ ছিল রামকৃষ্ণ মঠ ও মিশনের সঙ্গেও। বেলুড় মঠের সপ্তম সভাপতি স্বামী শঙ্করানন্দের কাছ থেকে দীক্ষা গ্রহণ করেন। ১৯৫৭ সালে বাগবাজার নিবেদিতা উচ্চ বালিকা বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন প্রব্রাজিকা আনন্দপ্রাণা।
পরে তিনি যুক্ত হন সারদা মঠের সঙ্গে। ২০২২ সালে এই মঠের চতুর্থ সভাপতি প্রব্রাজিকা ভক্তিপ্রাণার জীবনাবসানের পর, ২০২৩ সালের ১৪ জানুয়ারি আনন্দপ্রাণা মাতাজি ওই পদে বসেন। তাঁর আগে তিনি সঙ্ঘের সহ- সভাপতি পদের দায়িত্ব সামলেছেন। সারা জীবন সমাজ ও মানব কল্যাণের জন্য কাজ করেছেন তিনি। তাঁর প্রয়াতে সঙ্ঘে নেমেছে শোকের ছায়া।







