নারী ক্রিকেটের উত্তেজনা এবার বাড়তে চলেছে শ্রীলঙ্কায়। আগামী এপ্রিলে ভারত, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা এক ত্রিদেশীয় ওডিআই সিরিজে মুখোমুখি হবে, যা হবে বিশ্বকাপের আগে বড় পরীক্ষার মঞ্চ। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড বৃহস্পতিবার সিরিজের ঘোষণা দেয়, যা মূলত নারী ফিউচার ট্যুরস প্রোগ্রামের (এফটিপি) অংশ ছিল না। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ২৭ এপ্রিল থেকে ১১ মে পর্যন্ত হবে সিরিজের সাতটি ম্যাচ, যা হবে দিবা-ভাগে। প্রতিটি দল একে অপরের বিপক্ষে দুইবার খেলবে, অর্থাৎ চারটি করে ম্যাচ পাবে। সেরা দুই দল ১১ মে ফাইনালে মুখোমুখি হবে। উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কা খেলবে ভারতের বিপক্ষে।
এই সিরিজের আগে শ্রীলঙ্কা দল নিউজিল্যান্ড সফরে ব্যস্ত, অন্যদিকে ভারতের বেশিরভাগ ক্রিকেটার ঘরোয়া উইমেনস প্রিমিয়ার লিগ খেলছেন। যেখানে দক্ষিণ আফ্রিকার কিছু ক্রিকেটারও রয়েছেন। দক্ষিণ আফ্রিকার জন্য এই সিরিজের ঘোষণা বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ জুন পর্যন্ত তাদের কোনো আন্তর্জাতিক ম্যাচ নির্ধারিত ছিল না। বিশ্বকাপের আগে শক্তি পরখ করতে এই সিরিজ বড় সুযোগ হতে যাচ্ছে। ভারত আইসিসি র্যাঙ্কিংয়ে তিন নম্বরে, দক্ষিণ আফ্রিকা চার ও শ্রীলঙ্কা সাত নম্বরে রয়েছে। শ্রীলঙ্কা বর্তমান এশিয়া কাপ চ্যাম্পিয়ন হলেও, শেষ বিশ্বকাপে ভারতকে ছিটকে দিয়ে দক্ষিণ আফ্রিকা পৌঁছেছিল সেমিফাইনালে।
ত্রিদেশীয় সিরিজের সূচি:
এপ্রিল ২৭ – শ্রীলঙ্কা বনাম ভারত
এপ্রিল ২৯ – ভারত বনাম দক্ষিণ আফ্রিকা
মে ১ – শ্রীলঙ্কা বনাম দক্ষিণ আফ্রিকা
মে ৪ – শ্রীলঙ্কা বনাম ভারত
মে ৬ – দক্ষিণ আফ্রিকা বনাম ভারত
মে ৮ – শ্রীলঙ্কা বনাম দক্ষিণ আফ্রিকা
মে ১১ – ফাইনাল







