পুজো শুরুর কয়েকদিন আগে থেকেই বিভিন্ন জায়গায় সিপিএমের বুকস্টল ভাঙচুরের অভিযোগ উঠেছিল। সপ্তমীর রাতে চোরবাগানে ভয়াবহ বিপর্যয়ের পরও এমন অভিযোগ সামনে আসে। যাদবপুরে বুলডোজার দিয়ে সিপিএমের বুকস্টল গুঁড়িয়ে দেওয়ার অভিযোগও ওঠে। তবে এই পরিস্থিতির মধ্যেই বুকস্টল থেকে কত টাকার বই বিক্রি হল, তা নিয়ে চর্চা শুরু হয়েছে। সিপিএমের দাবি, বাধার মুখে পড়েও এবার তাদের বই বিক্রি গতবারের তুলনায় প্রায় দ্বিগুণ হয়েছে। আগামী এক-দু’দিনের মধ্যেই সম্পূর্ণ হিসাব পাওয়া যাবে বলে জানিয়েছে দল। বাম নেতৃত্বের বক্তব্য, যারা বুকস্টল ভাঙতে এসেছিলেন, বিক্রির এই পরিসংখ্যান তাঁদের জন্য ‘গালে থাপ্পড়’।
হাওড়ার এক সিপিএম নেতার দাবি, দুর্গাপুজোয় হাওড়া জেলায় বামেদের বুকস্টল থেকে ১০ লক্ষ টাকারও বেশি মূল্যের বই বিক্রি হয়েছে।
মুর্শিদাবাদে এবার মোট ১৯টি বুকস্টল করা হয়েছিল। সিপিএমের স্থানীয় নেতৃত্বের দাবি, সেখানে ৪ লক্ষ ৭৪ হাজার ৬৪১ টাকার বই বিক্রি হয়েছে। গতবারের তুলনায় যা প্রায় ১ লক্ষ টাকা বেশি।
শান্তিপুরের ফুলিয়ায় সিপিএমের স্টল ভাঙার অভিযোগের পরও এবার সেখানে ১৮ হাজার ৯৭২ টাকার বই বিক্রি হয়েছে। গত বছর বিক্রির পরিমাণ ছিল ৯ হাজার ৪৪৭ টাকা। অর্থাৎ এক বছরে বিক্রি প্রায় দ্বিগুণ হয়েছে।
যাদবপুরেও রেকর্ড পরিমাণ বই বিক্রির দাবি করেছে বামেরা।
উত্তরবঙ্গেও একই ধরনের ছবি দেখা গিয়েছে বলে সিপিএমের দাবি। উত্তর দিনাজপুরের সাতটি বুকস্টল মিলিয়ে প্রায় ৭৭ হাজার টাকার বই বিক্রি হয়েছে বলে জানিয়েছে দল।
শিলিগুড়িতেও রেকর্ড বই বিক্রির দাবি বামেদের। গত বছর যেখানে প্রায় ১৫ হাজার টাকার বই বিক্রি হয়েছিল, এবার মূল স্টলেই সেই অঙ্ক বেড়ে দাঁড়িয়েছে ৬৮ হাজার টাকায়। পাশাপাশি মহকুমার বিভিন্ন এলাকায় থাকা আরও ১৯টি বুকস্টলেও বিক্রি বেড়েছে বলে দাবি সিপিএম নেতৃত্বের। যদিও সেই বিক্রির সম্পূর্ণ হিসাব এখনও হাতে আসেনি।
সিপিএম নেতা কলতান দাশগুপ্ত বলেন, “যে সংখ্যাটা আসবে, সেটা যারা স্টল ভাঙতে এসেছিল, তাদের গালে থাপ্পড়। আরও দু’দিন সময় লাগবে হিসাব করতে। তবে বিষয়টি শুধু টাকার অঙ্কের নয়। কারা বই বিক্রি করছেন আর কারা আদর্শ বিক্রি করছেন—পশ্চিমবঙ্গের মাটিতে সেটাই লড়াই।”
তিনি আরও বলেন, “এই বিষয়টাকে শুধুমাত্র টাকার অঙ্ক দিয়ে বিচার করা যাবে না। এ বছর বহু মানুষ আমাদের বুকস্টলের সঙ্গে যুক্ত হয়েছেন। যেখানে হামলা হয়েছে, সেখানকার উল্টো দিকের বাড়ির বাসিন্দারাও এসে বলেছেন, তাঁদের একতলার ঘর খালি রয়েছে, সেখানে বুকস্টল করা যেতে পারে। নতুন এই বন্ধুদের পাশে পাওয়া আমাদের কাছে বড় প্রাপ্তি।”
অন্যদিকে বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচী বলেন, “বুলডোজার দিয়ে হোক বা বইয়ের উপর আঘাত করে হোক, কোনওটাই কাম্য নয়। তবে ওদেরও বুঝতে হবে, দেশবিরোধী স্লোগান এবং হিন্দুধর্মবিরোধী বক্তব্যের কারণে কোথাও কোথাও মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। কিন্তু বইয়ের উপর হামলা কোনওভাবেই মেনে নেওয়া যায় না।”
এর আগেই বামেদের বুকস্টলে হামলার ঘটনায় সরব হয়েছিলেন স্বপন দাশগুপ্ত। তাঁর বক্তব্য ছিল, রাজনৈতিক মতবিরোধ থাকতেই পারে, কিন্তু তার জন্য বই বিক্রি বা বই প্রদর্শনে বাধা দেওয়া কখনওই গ্রহণযোগ্য নয়। তিনি এই ধরনের ঘটনার নিন্দা করে জানিয়েছিলেন, ভবিষ্যতে যেন এমন ঘটনা আর না ঘটে।
RSS নেতা জিষ্ণু বসুও বুকস্টল ভাঙার বিরোধিতা করেন। তাঁর বক্তব্য, ক্ষমতার দম্ভে কাউকে বুকস্টল করতে না দেওয়া ভারতীয় ও হিন্দু ভাবনার পরিপন্থী। বিরোধী মত প্রকাশের সুযোগ না দেওয়া অন্যায় বলেও মন্তব্য করেন তিনি।
অন্যদিকে পুজোয় বুকস্টল বিতর্ক নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন, বইয়ের সঙ্গে সিপিএমের রাজনীতিকে মিশিয়ে ফেলা উচিত নয়। তিনি নিজেকে বইপ্রেমী হিসেবে উল্লেখ করে বলেন, তিনি বইবিরোধী নন। তাঁর বক্তব্য, সনাতনী হিন্দুত্বের বিরোধিতা করে দুর্গাপুজোর সামনে গিয়ে স্টল দেওয়ার বিষয়টি নিয়েও প্রশ্ন রয়েছে। একইসঙ্গে তিনি স্পষ্ট করে দেন, কর্পোরেশন বা সরকার যে পদক্ষেপ করেছে, তা হাইকোর্টের নির্দেশ মেনেই করা হয়েছে এবং কাউকেই আইন নিজের হাতে তুলে নেওয়া উচিত নয়।







