তদন্তকারী সংস্থার তরফে , বারংবারই দাবী করা হয়েছে যে , নিয়োগ দুর্নীতি কান্ডের মূল চক্রী হলেন পার্থ চট্টোপাধ্যায় । তার ওপর প্রায় তিন বছর তিন মাস জেল খেটেছেন তিনি । তাই , প্রাক্তন শিক্ষামন্ত্রীর সামাজিক সম্মান যে কিছুটা বিপন্ন হয়েছে , তা বলাই বাহুল্য । তবে অনেকেরই মনে প্রশ্ন , সত্যিই কি পার্থ চট্টোপাধ্যায় নিয়োগ দুর্নীতির মাস্টারমাইন্ড ! নাকি পিছনে রয়েছে অন্য কোনো কাহিনী ।
জেল মুক্তি হয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের । আর বাড়িতে ফিরেই , তিনি জানালেন বেহালা পশ্চিমের বাসিন্দাদের বাড়ি বাড়ি যাবেন তিনি । কিন্তু কেনো ? তার কথায় , তিনি সম্পূর্ণ নির্দোষ , যা প্রমাণ করতে , তিনি প্রয়োজনে সবার বাড়ি বাড়ি যাবেন । গিয়ে তিনি , সবাইকে নিজের কথা জানাবেন , এবং সবার প্রশ্নের উত্তর দেবেন । তার কথায় , বেহালা পশ্চিমের বাসিন্দারা , তাকে ৫ বার ভোট দিয়ে জিতিয়েছেন , তাই তিনি তাদের কাছে দায়বদ্ধ ।
নিজের বাড়ি থেকে , বুধবার পার্থ বলেন , “বেহালা পশ্চিমের মানুষ বরাবর আমাকে ভরসা করেছেন। ওদের মনে এখন হাজারও প্রশ্ন। সে প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে। প্রয়োজনে অটো নিয়ে বেহালাবাসীদের বাড়িতে পৌঁছব। প্রতিটি বাড়িতে গিয়ে প্রশ্নের উত্তর দেব। জানাবো আমি সৎ পথে ছিলাম।”
উল্লেখ্য , বেহালা পশ্চিমের বাসিন্দাদের জন্য , খোলা চিঠিও লিখেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী । সেই চিঠি মারফত জানতে চেয়েছেন , তার বিরুদ্ধে , কার কার কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে ? পাশাপাশি কেউ তার নাম করে বাসিন্দাদের কাছ থেকে টাকা তুলেছেন কিনা , সেই প্রশ্নও করেছেন তিনি ।







