সন্দেশখালির নয়া ভিডিও প্রকাশ্যে আসার পড়েই শোরগোল পরে গেলো রাজনৈতিক মহল জুড়ে। ভিডিও ঘিরে উঠছে নানা প্রশ্ন। ভুয়ো রাষ্ট্রপতির দ্বারস্থ হওয়া সন্দেশখালির নির্যাতিতরা? রাইসিনা হিলে টাকার বিনিময়ে কয়েকজনকে নির্যাতিতা সাজিয়ে নিয়ে যাওয়া হয়েছিল? তৃণমূলের কটাক্ষ, বাংলাকে অপমানের ষড়যন্ত্র কষেছে বিজেপি। পুরোটাই তাদের সাজানো।
বুধবার রাতে প্রকাশ্যে আসে একটি ভিডিও। যেখানে বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি দলের প্রার্থী রেখা পাত্র সহ আরো তিন মহিলাকে। সেখানে একজন বলে, “আমরা সন্দেশখালি আন্দোলনে যুক্ত। আমরা সবাই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। তাহলে আমাদের ছাড়া রাষ্ট্রপতি ম্যাডামের কাছে কারা গেল? আমরা তাহলে কারা?” এর পরই আরেক মহিলাকে বলেন, “শুনেছি অনুপ দাস নিয়ে গিয়েছিলেন। ভিতরে ভিতরে শিবুপ্রসাদ হাজরা ওরফে শিবু হাজরার থেকে মাসে-মাসে ১০ হাজার করে নিত। ওঁর সঙ্গে এক মহিলাও ছিলেন। তিনি কি তাহলে ভিতরে ভিতরে তৃণমূল করেন?” এর পরই বিজেপি প্রার্থী রেখা পাত্র বলেন, ”আমরা নির্যাতিতারা সন্দেশখালিতে পড়ে আছি, তাহলে আমাদের হয়ে কারা গিয়েছে? তা জানা প্রয়োজন।” তাঁর আরও একটি প্রশ্ন, “আর রাষ্ট্রপতি ম্যাডামের কাছে গিয়েছেন যে, আমাদের কিছু জানিয়েছিলেন? আমরা আন্দোলনের মুখ, আমাদের না নিয়ে গিয়ে অন্যদের সাজিয়ে বিয়ে যাওয়ার সাহস কে দিয়েছে?” ভোটের বাজারে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়েছে এই নয়া ভিডিও নিয়ে।
সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো এই বিষয়ে বলেন, “আমরা প্রথম থেকেই বলে আসছি সন্দেশখালির ঘটনা সাজানো। অর্থের বিনিময়ে এই আন্দোলন সংগঠিত করা হয়েছে। সন্দেশখালির মহিলাদের বাংলার বুকে, সারা ভারত এমনকী পৃথিবীর বুকে, তাঁদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলা হল। বিজেপির মতো রাজনৈতিক দল গভীর ষড়যন্ত্র নোংরা রাজনীতি করেছে। এই নোংরা খেলায় মেতেছে এর প্রতিবাদ হওয়া উচিত।”







