পুরুষেরা কত প্রেমপত্র লেখেন! বন্ধুর জন্মদিনে প্রথম সারির একটি সংবাদমাধ্যমের পাতায় আমি না হয় লিখলাম বন্ধুত্বের খোলা চিঠি।
আজ মিমি চক্রবর্তীর জন্মদিন। সামাজিক মাধ্যমে দু’লাইনের শুভেচ্ছা জানালেই দায়িত্ব শেষ হয়ে যেত। কিন্তু আমাদের সম্পর্কটা কি এতটাই ‘শীতল’? বিশ্বাস করুন, নয়।
হ্যাঁ, রাগ হলে মিমি মুখের উপর বলবে— “নুসরতকে নিয়ে কিছু বলব না।” ঝগড়াও হয়েছে আমাদের। টিমের সামনে তুমুল ঝামেলা, রাতভর অভিমান। কিন্তু দিনের শেষে দেখা হলেই হাসি চাপতে না পেরে জড়িয়ে ধরেছি একে অপরকে।
ঠিক যেমনটা ঘটেছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে। পদ্মশ্রী পাওয়ার আনন্দে সবাই একত্র। মিমি এসে আমাকে দেখেই এগিয়ে এল। আমাদের আলিঙ্গনে উপস্থিত ক্যামেরার লেন্স উষ্ণতা খুঁজে পেয়েছিল। কারণ সেই উষ্ণতা অভিনয় ছিল না, ছিল সত্যিকারের বন্ধুত্ব।
বন্ধুত্বের শুরু: ‘যোদ্ধা’র সেটে
আমাদের বন্ধুত্বের গোড়ার কথা খানিক আবছা। সম্ভবত ‘যোদ্ধা’ ছবির সময়। আমরা তখন এসভিএফ-এ কাজ করি। ছবিতে আমি একটি আইটেম নাচে। প্রথম দেখা প্রযোজনা সংস্থার অফিসে। ছবিতে আমরা বন্ধু— আর বাস্তবেও ঠিক সেই সেতুবন্ধন।
নাচের মহড়া শেষে আমি মিমির ঘরে, কখনও মিমি আমার ঘরে। কম করে ১৫ দিনের আউটডোর শুটিং— আমরা যেন একে অপরের ছায়া। গোপন কথা, গোপন ব্যথা— কিছুই অজানা থাকেনি।
খাওয়াদাওয়া, সিনেমা, শপিং, ভ্রমণ— সবেতেই আমরা দু’জন।
ক্যামোমিল টি আর টম্যাটোর গল্প
মিমি যে কতটা যত্নশীল, অনেকেই জানেন না। ঘুমোতে যাওয়ার আগে নির্দেশ— “রোজ ক্যামোমিল টি খেতে হবে।” কোথা থেকে সেই চা জোগাড় করেছিল! নিজে বানিয়ে খাওয়াত। গরম জলে ফুটে ওঠা ফুলের মতোই আমাদের বন্ধুত্ব পাপড়ি মেলেছিল।
ব্যাঙ্ককে শুটিং। সারা দিন রোদে পুড়ে ত্বক ঝলসে গিয়েছে। কাজ শেষে হোটেলে ফিরে দুই বান্ধবী টম্যাটো কেটে একে অপরের গায়ে ঘষছি! সেই হাসি, সেই মুহূর্ত— আজও টাটকা।
আর গসিপ? নিজেদের নিয়েই ব্যস্ত ছিলাম। একদিন মিমির দুল হারিয়ে গেল। মুখ ভার। আমরা বেরিয়ে নতুন দুল কিনলাম। সেটে পরে শুটিং— আর মুখে ফিরে এল হাসি।
প্যানকেক, লাস ভেগাস আর দুষ্টুমি
লাস ভেগাস, লস অ্যাঞ্জেলেস— কত স্মৃতি! আর সেই প্যানকেকের গল্প? রাতে চুপিচুপি বেরিয়ে পড়তাম। থাইল্যান্ডের রাস্তায় ফুটপাতে বসে ‘ক্রেপস’ খাওয়া। কেউ চেনে না— শুধু দুই বান্ধবীর আড্ডা।
আজও নিশ্চিত, মিমি প্যানকেক খেলেই আমাকে মনে করে।
দূরত্ব কি শেষ কথা?
অনেকে বলেন, দুই মেয়ে আজীবন ভাল বন্ধু থাকতে পারে না। আমি বলি— পারে, যদি বন্ধুত্ব গভীর হয়।
হ্যাঁ, মাঝে দূরত্ব এসেছে। অভিমানও ছায়া ফেলেছে। কিন্তু বন্ধুত্বের মৃত্যু হয়নি। আমরা বড় হয়েছি। আমার সন্তান আছে, ওর নিজের সংসার। এখন আর ‘রইল ঝোলা চলল ভোলা’ করে বেরিয়ে পড়া যায় না।
কিন্তু ভিতরের টানটা একই রয়ে গেছে।
সংসদ থেকে ব্যক্তিগত জীবন
কাকতালীয় ভাবে আমরা দু’জনেই তৃণমূল কংগ্রেসের সাংসদ হয়েছি। ও আগে খবর পেয়েছিল। ফোন করে জানিয়েছিল আমাকে। একসঙ্গে সংসদে গিয়েছি। সেখানে দুষ্টুমি নয়, দায়িত্ব পালন করেছি।
মিমির ভিতর আর বাইরের মানুষটা আলাদা। আমি যে ভাবে ওকে চিনি, অনেকেই চেনেন না। ওকে বুঝতে সময় দিতে হয়— আর সেই সময়টাই আজকাল কেউ দেয় না।
“এক ইঞ্চি বদল চাই না”
মিমির বহু জন্মদিনের সাক্ষী আমি। পার্টি শেষে ঈশ্বরকে বলেছি— ও যেন একটুও না বদলায়। যেমন আছে, তেমনই থাকুক। সুখে থাকুক, শান্তিতে থাকুক।
টলিউড আমাদের নাম দিয়েছে— ‘বোনুয়া’।
তুই নিশ্চিন্তে থাক, মিমি।
আজীবন তোর পাশে থাকবে তোর ‘বোনুয়া’।
শুভ জন্মদিন, বন্ধু।







