চলতি বছরের শুরু থেকেই সন্দেশখালি কাণ্ড নিয়ে তোলপাড় হয়ে আছে গোটা রাজনৈতিক মহল তথা রাজ্য। আর এই কাণ্ডের প্রধান শাহাজাহানকে কেন্দ্র করে তৃণমূলের বিরুদ্ধের পোস্টার নিয়ে ভোটের আগের দিন শোরগোল পরে গেলো পূর্ব মেদিনীপুরের খেজুরিতে। তৃণমূলের তরফে দাবি, এই পোস্টার বিজেপির ষড়যন্ত্র। এই ঘটনার নেপথ্যে বিজেপি। এই পোস্টারের ইঙ্গিতে বঝানো হয়েছে যে, তৃণমূলকে ভোট দিলে মহিলাদের সুরক্ষার বিঘ্ন ঘটতে পারে।
গোটা দেশ এখন মত্ত লোকসভার নির্বাচন নিয়ে। দেশ জুরে চলছে নির্বাচন। আগামীকাল অর্থাৎ ২৫ মে ষষ্ঠদফায় বাংলার ৮ আসনে নির্বাচন। তার মধ্যে পূর্ব মেদিনীপুরের দুটি আসন রয়েছে। খেজুরি বিধানসভার বাঁশগোড়াতে ভোটের আগেরদিন সকালে অর্থাৎ আজ দেখা গেল শেখ শাহজাহানের নামে সেই পোস্টার। তাতে লেখা রয়েছে, “মা-বোনেরা সাবধান। জোড়া ফুলে দিলে ছাপ, ঘরে ঢুকবে শাহজাহানের বাপ।” নিচে লেখা রয়েছে, “নাগরিকবৃন্দ”। এদিন সকালে এলাকার বাসিন্দাদের চোখে এই পোস্টার পড়ার সাথে সাথেই শোরগোল পড়ে যায় গোটা এলাকা জুড়ে। তারপর থানায় খবর দেওয়া হয়। তৃণমূল দাবি করেছে, বিজেপি তাদের নিশ্চিত পরাজয়ের কথা বুঝতে পেরেই রাতের অন্ধকারে এই কাজ করেছে।
এবিষয়ে কাঁথি সাংগঠনিক জেলার তৃণমূলের সভাপতি পীযূষ কান্তি পণ্ডা বলেন, “রাজনৈতিকভাবে না পেরে কোথাও তৃণমূলের উপর হামলা করছে বিজেপি। আবার কোথাও পোষ্টার দিচ্ছে। বিজেপি বাংলা থেকে মুছে যাবে। ওদের পাশে মানুষ নেই। আর তৃণমূলের উন্নয়নের পাশে মানুষ রয়েছে।” কাঁথি সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক চন্দ্রশেখর মণ্ডল বলেন, “বিজেপি এসব কাজ করে না। বিজেপি রাজনৈতিকভাবে লড়াইয়ের ময়দানে থাকে। রাতের অন্ধকারে কুৎসা ছড়ানোয় থাকে না। এর সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই।”







